সিদ্ধিরগঞ্জে চলন্ত বাসে আগুন, যাত্রীদের কেউ হতাহত হননি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘলা পরিবহনের একটি বাসে আগুন লাগে। যাত্রীদের সবাই নিরাপদে নেমে যান; আগুনে বাসটি পুড়ে গেছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চলন্ত যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ১০টার দিকে মৌচাক ইউটার্ন এলাকায় মেঘলা পরিবহনের বাসটিতে আগুন লাগে। এতে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হননি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বাসটি ভুলতা গাউছিয়া থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল।
বাসের হেলপার তানজিল জানান, ১০ থেকে ১২ জন যাত্রী নিয়ে যাওয়ার সময় সিদ্ধিরগঞ্জের ১০ তলা এলাকার কাছ থেকে দুই যুবক বাসে ওঠেন। তাঁরা পেছনের আসনে বসেছিলেন। ইউটার্নের কাছে বাস থেকে নেমে যাওয়ার পরই আগুন ধরে যায়। যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে নিজেদের রক্ষা করেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ-অপারেশন) তারেক আল মেহেদী বলেন, হেলপারের ভাষ্য অনুযায়ী, ওই দুই যুবক যাত্রীর ছদ্মবেশে বাসে উঠে আগুন দিয়ে নেমে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তারেক আল মেহেদী জানান, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। বাসটি ডাম্পিংয়ে রাখা হচ্ছে এবং ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের কাজ চলছে।
সূত্র: আজকের পত্রিকা


