দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৮

ফেনীর দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৮ জন আহত হয়েছেন। দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে, আরও ১০টি ভাঙচুরের খবর জানিয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা।
ফেনীর দাগনভূঞা পৌরসভার আলাইয়ারপুর গ্রামে শুক্রবার সন্ধ্যায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৮ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং আরও ১০টি ভাঙচুর করা হয়।
ফেনী জেলা ছাত্রদলের বহিষ্কৃত সহসভাপতি জামশেদুর রহমান এবং দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়। আহতদের মধ্যে ১৬ জনের নাম জানা গেছে। বাসু নামের ২১ বছর বয়সী এক তরুণের বাঁ হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামে পাঠানো হয়েছে। চারজনকে নেওয়া হয়েছে ফেনী জেনারেল হাসপাতালে; বাকিদের দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা মাহবুব জানান, সংঘর্ষের পর ১৩ জন ওই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফেনী ও চট্টগ্রামে পাঠানো হয়।
দলীয় নেতা-কর্মী ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, জামশেদুরের অর্ধশতাধিক অনুসারী প্রায় ৩০টি মোটরসাইকেলে করে আমুভূঞার হাটে যুবদলের একটি বৈঠকে যাচ্ছিলেন। পথে আলাইয়ারপুরের সূর্যের হাসি ক্লিনিক মোড়ে তাঁদের ওপর হামলা হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তাঁদের বর্ণনায়, তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া এবং আরও ১০টি ভাঙচুর করা হয়।
আহতদের কয়েকজনের অভিযোগ, শ্রমিক দলের আহ্বায়ক জসিম উদ্দিনের নেতৃত্বে ৫০ থেকে ৬০ জন তাঁদের ওপর হামলা করেন। তাঁদের দাবি, ধারালো অস্ত্র দিয়ে কয়েকজনকে আঘাত করা হয় এবং ফাঁকা গুলি ছোড়ার পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। জসিম উদ্দিন হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, জামশেদুরের অস্ত্রধারী অনুসারীরা পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর বাড়িতে হামলার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাঁদের বাধা দেন। তাঁর দাবি, পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে দুই পক্ষের লোকজন আহত হন।
জামশেদুর রহমান বলেন, তাঁর অনুসারীরা দলীয় কর্মসূচিতে যাওয়ার পথে বিনা উসকানিতে হামলার শিকার হন। সংঘর্ষস্থল পরিবেশমন্ত্রীর বাড়ি থেকে অনেক দূরে বলেও দাবি করেন তিনি। আকবর হোসেনের বক্তব্য, জামশেদুরের নেতৃত্বে তাঁর বাড়ির সামনে চার-পাঁচটি বোমা ফাটানো হলে এলাকাবাসী প্রতিরোধ করেন।
দাগনভূঞা থানার পরিদর্শক (তদন্ত) ফেরদৌসি বেগম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি; অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সহকারী পুলিশ সুপার (সোনাগাজী-দাগনভূঞা সার্কেল) মুমিদ রায়হান বলেন, পুলিশ পৌঁছানোর আগে দুই পক্ষই ঘটনাস্থল ছেড়ে যায়। সেখানে দুটি জ্বলন্ত মোটরসাইকেল দেখা গেছে এবং বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
সূত্র: প্রথম আলো


