সীতাকুণ্ডে গ্যাস কারখানায় ডাকাতি, খোয়া গেছে আড়াই টন তামার তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে ইউরো গ্যাস কারখানায় ডাকাতির ঘটনায় চার থেকে পাঁচ লাখ টাকা ও প্রায় আড়াই টন তামার তার খোয়া গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
চট্টগ্রামের সীতাকুণ্ডে বেড়িবাঁধসংলগ্ন ইউরো গ্যাস কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা এলাকায় এ ঘটনা ঘটে।
কারখানার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাত ২টা ৫৬ মিনিটে ছয়জন গ্রিল কাটার যন্ত্রপাতি নিয়ে ভেতরে প্রবেশ করেন। তাঁদের মধ্যে তিন থেকে চারজনের পরনে সাদা বোরকা ছিল। কারখানা কর্তৃপক্ষের দাবি, ডাকাতেরা টাকা ও তামার তার নিয়ে গেছেন।
শুক্রবার সকালে শিল্প পুলিশ ও সীতাকুণ্ড থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, ফুটেজে ছয়জনকে কার্যালয়ে ঢুকতে দেখা গেছে, যাঁদের কয়েকজন বোরকা পরা। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।
ওসি জানান, কারখানা কর্তৃপক্ষ মৌখিকভাবে বলেছে, চার থেকে পাঁচ লাখ টাকা এবং ১ হাজার ২০০ মিটার তামার তার লুট হয়েছে। তারগুলোর ওজন প্রায় আড়াই টন। কর্তৃপক্ষ এখনো লিখিত অভিযোগ দেয়নি; মামলা করার প্রক্রিয়া চলছে।
কারখানার দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক মো. তৌহিদুল মান্নান বলেন, তাঁরা থানায় মামলা করবেন। ডাকাতেরা কী পরিমাণ মালামাল নিয়ে গেছে, তা হিসাব করা হচ্ছে।
সূত্র: প্রথম আলো


