টঙ্গিবাড়ীতে মিশুক উল্টে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে বালুভর্তি ট্রাককে জায়গা দিতে গিয়ে ব্যাটারিচালিত মিশুক উল্টে আবু বাক্কার শেখ (৬০) নিহত হয়েছেন। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করেছে পুলিশ।
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে ব্যাটারিচালিত মিশুক উল্টে চাপা পড়ে আবু বাক্কার শেখ (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে টঙ্গিবাড়ী-বালিগাঁও প্রধান সড়কে বাদল মিজি স্পেশালাইজড প্রাইভেট হসপিটাল লিমিটেডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবু বাক্কার রাস্তার পাশ দিয়ে টঙ্গিবাড়ী বাজারে যাচ্ছিলেন। হাসপাতালের সামনে একটি বালুভর্তি ট্রাককে জায়গা দিতে গিয়ে মিশুকটি উল্টে গেলে তিনি এর নিচে চাপা পড়েন। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আবু বাক্কার উপজেলার বেতকা ইউনিয়নের খিলপাড়া গ্রামের মৃত ফালান শেখের ছেলে। টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহম্মেদ বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সূত্র: আজকের পত্রিকা


