চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী চার পরিবহনের বাস বন্ধ

অতিরিক্ত চাঁদা দাবির অভিযোগে বুধবার সকাল থেকে চার পরিবহনের ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। আগে প্রতি বাসে ৩০ টাকা নেওয়া হলেও এখন ১৫০ টাকা দাবি করা হচ্ছে বলে জানিয়েছেন এক প্রতিনিধি।
অতিরিক্ত চাঁদা দাবিকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী চারটি পরিবহনের বাস চলাচল বন্ধ রয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, গ্রামীণ পরিবহন ও হানিফ পরিবহনের বাস চলাচল বন্ধ রাখা হয়। অন্য পরিবহনের বাস চলেছে স্বাভাবিকভাবে।
ঢাকাগামী দেশ ট্রাভেলসের প্রতিনিধি মো. শরিফুল ইসলাম বলেন, আগে প্রতিটি বাস থেকে স্থানীয় বাস মালিক সমিতি ৩০ টাকা করে চাঁদা নিত। বুধবার সকাল থেকে গাড়িপ্রতি ১৫০ টাকা দাবি করা হচ্ছে। এ কারণে চার পরিবহনের বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
অন্য পরিবহনের প্রতিনিধিরাও জানান, নির্ধারিত হারে চাঁদা দেওয়ার পরও এখন বাড়তি টাকা চাওয়া হচ্ছে। এ কারণে মালিকেরা ঢাকাগামী বাস বন্ধ রেখেছেন। সমস্যাটির স্থায়ী সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন তাঁরা।
চাঁপাইনবাবগঞ্জ জেলা মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও রহনপুর ট্রাভেলসের মালিক মনোতোষ চক্রবর্তী বলেন, চাঁপাইনবাবগঞ্জের মালিকানাধীন বাস থেকে রাজশাহী ও নাটোরে আড়াই শ টাকা করে চাঁদা নেওয়া হয়। সমিতির কার্যক্রম পরিচালনার জন্য তাঁরা গাড়িপ্রতি ১৫০ টাকা দাবি করেছেন। কয়েকটি পরিবহনের বাস বন্ধ থাকলেও অন্য বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
বাস বন্ধ থাকায় আগে টিকিট কাটা যাত্রীরা বিকল্প পরিবহনে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।
সূত্র: আজকের পত্রিকা




