মানিকগঞ্জে তথ্যদাতা সন্দেহে গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ

মানিকগঞ্জ সদর উপজেলায় মাদক কারবারের তথ্য পুলিশকে দেওয়ার সন্দেহে শিমু বেগমকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে জামিনে মুক্ত এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
মানিকগঞ্জ সদর উপজেলার গুজুরী গ্রামে মাদক কারবারের তথ্য পুলিশকে দেওয়ার সন্দেহে শিমু বেগম (৪৭) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে সাগর খোন্দকার (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় হামলার পর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।
পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিমু বেগম গুজুরী গ্রামের আলম চাঁনের স্ত্রী। একই গ্রামের বদর উদ্দীনের ছেলে সাগর প্রায় ছয় মাস আগে ২০টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার হন। এক মাস আগে জামিনে মুক্তি পেয়ে তিনি বাড়িতে ফেরেন।
শিমু বেগম ও তাঁর স্বামীর সঙ্গে সাগরের মাদক কারবার নিয়ে বিরোধ ছিল। শিমু বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছিল বলে সাগর সন্দেহ করতেন। এ কারণে তিনি শিমু বেগম ও তাঁর পরিবারের সদস্যদের ওপর ক্ষুব্ধ ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশের অভিযোগ, ওই বিরোধের জেরে সোমবার সন্ধ্যা ৬টার দিকে সাগর ধারালো দা দিয়ে শিমু বেগমকে কোপান। এতে তাঁর ডান হাতের কবজি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। স্বজনেরা তাঁকে প্রথমে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেন। পরে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মঙ্গলবার সকালে পুলিশ শিমু বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের স্বামী আলম চাঁন বলেন, এর আগেও সাগর তাঁর ওপর হামলা চালিয়েছিলেন। তাঁকে ও পরিবারের সদস্যদের বারবার হামলার শিকার হতে হয়েছে এবং তাঁরা দীর্ঘদিন ধরে আতঙ্কে ছিলেন।
মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. জুলুস পাঠান বলেন, সাগর ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিলেন এবং পরে জামিনে মুক্তি পান। প্রাথমিক তদন্তে জানা গেছে, শিমু বেগম মাদক কারবারের তথ্য পুলিশকে দিয়েছিলেন বলে সাগর সন্দেহ করতেন। ক্ষোভ থেকেই হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জুলুস পাঠান বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে শিমু বেগমের মৃত্যু হয়ে থাকতে পারে। সাগরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সূত্র: আজকের পত্রিকা



