মির্জাপুরে দুই রাতে সেচপাম্পের ১২ ট্রান্সফরমার চুরি

টাঙ্গাইলের মির্জাপুরে দুই রাতে ১২টি সেচপাম্পের ট্রান্সফরমার চুরি হয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় ইরি-বোরো মৌসুমে সেচ নিয়ে উদ্বিগ্ন কৃষকেরা।
টাঙ্গাইলের মির্জাপুরে দুই রাতে কৃষিজমির সেচপাম্পের ১২টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এতে সংশ্লিষ্ট এলাকার সেচপাম্পগুলোর বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে। সামনে ইরি-বোরো মৌসুমে সময়মতো জমিতে পানি দিতে পারবেন কি না, তা নিয়ে উদ্বেগে পড়েছেন কৃষকেরা।
গত শুক্রবার ও রোববার রাতে উপজেলার মহেড়া ইউনিয়নের উত্তর আদাবাড়ি, গবড়া ও ভাতকুড়া গ্রাম থেকে ট্রান্সফরমারগুলো চুরি হয়। গবড়া গ্রামের শাহেদ আলী, ভাতকুড়া গ্রামের হাসমত এবং উত্তর আদাবাড়ি গ্রামের জাহিদ ও সাইদুল নবীনের ট্রান্সফরমারও চুরি হওয়া তালিকায় রয়েছে। শাহেদ আলীর একারই তিনটি ট্রান্সফরমার খোয়া গেছে।
কৃষকেরা জানান, ধানখেতে নিয়মিত সেচের জন্য এই সময়ে বিদ্যুৎ সরবরাহ জরুরি। দ্রুত নতুন ট্রান্সফরমার বসিয়ে সংযোগ চালু না হলে তাঁদের আবাদ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। নতুন ট্রান্সফরমার স্থাপনের খরচ নিয়েও তাঁরা দুশ্চিন্তায় আছেন।
মহেড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শহীদুর রহমান শহীদ বলেন, তিন দিনের ব্যবধানে বিভিন্ন গ্রাম থেকে একের পর এক ট্রান্সফরমার চুরি হয়েছে। এতে সেচের পানি পাওয়া নিয়ে কৃষকদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। তিনি চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দ্রুত নতুন ট্রান্সফরমার স্থাপনের দাবি জানান।
টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির মির্জাপুর আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ট্রান্সফরমার চুরির অভিযোগ তদন্ত করে দেখা হবে।
সূত্র: আজকের পত্রিকা



