নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের কারণ জানতে আরও তদন্তের সুপারিশ

কুষ্টিয়ার দৌলতপুরে এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের সুনির্দিষ্ট কারণ শনাক্ত করতে পারেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। সম্ভাব্য চার-পাঁচটি কারণ চিহ্নিত করে সেগুলো নিয়ে আরও তদন্তের সুপারিশ করেছে কমিটি।
কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগার ঘটনায় সুনির্দিষ্ট কারণ খুঁজে পায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। সম্ভাব্য চার থেকে পাঁচটি কারণ চিহ্নিত করে সেগুলো নিয়ে অধিকতর তদন্তের সুপারিশ করেছে কমিটি।
এক দফা সময় বাড়ানোর পর বুধবার ভোরে তদন্ত প্রতিবেদন ঢাকায় পাঠানো হয়েছে। দুপুরের মধ্যে প্রতিবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছানোর কথা ছিল। কমিটির প্রধান ও কুষ্টিয়ার স্থানীয় সরকারের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, তদন্ত শেষে কমিটির সদস্যরা বৈঠক করে প্রতিবেদন তৈরি করেছেন। ১৫ থেকে ২০ পৃষ্ঠার প্রতিবেদন সিলগালা করে একজন কর্মকর্তার মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় পরবর্তী সময়ে কী করবে, সে বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না বলেও জানান।
তদন্তসংশ্লিষ্ট সদস্যদের বরাতে জানা গেছে, ঘরের ভেতরে সিগারেট বা কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রতিবেদনে সম্ভাবনা তুলে ধরা হয়েছে। পুরোনো বৈদ্যুতিক তার থেকেও আগুন লাগতে পারে বলে উল্লেখ রয়েছে। বাড়ির বাসিন্দা ও আশপাশের এলাকার কয়েকজনের বক্তব্য নিয়ে সেগুলো বিশ্লেষণ করেছে কমিটি।
তদন্ত কমিটির এক সদস্যের ভাষ্য, পেট্রলবোমা থেকে আগুন লাগার সম্ভাবনা খুবই কম। প্রতিবেদনে এ বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
১১ নভেম্বর গভীর রাতে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগে। আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের স্থানীয় নেতা-কর্মীদের আসামি করে দৌলতপুর থানায় মামলা করেন তিনি।
১২ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করে এবং তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলে। পরে ১৬ নভেম্বর থেকে কমিটি আরও সাত কার্যদিবস সময় নেয়। কমিটির অন্য সদস্যরা হলেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশনস) মেজর আসরারুল হক, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন।
সূত্র: প্রথম আলো



