শলুয়া বাজারে ক্যারমের আসর লক্ষ্য করে ছয় রাউন্ড গুলি

খুলনার আড়ংঘাটা থানার শলুয়া বাজারে ক্যারম খেলার সময় কয়েকজনকে লক্ষ্য করে ছয় রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা। ঘটনায় কেউ হতাহত হননি।
খুলনার আড়ংঘাটা থানার শলুয়া বাজারে ক্যারম খেলার আসর লক্ষ্য করে ছয় রাউন্ড গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাজারের স্লুইসগেটের পূর্ব পাশে পান্নুর চায়ের দোকানের কাছে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দোকানের পাশে কয়েকজন বিএনপি নেতা-কর্মী ক্যারম খেলছিলেন। এ সময় খুলনার দিক থেকে মোটরসাইকেলে হেলমেট পরা তিন যুবক এসে তাঁদের লক্ষ্য করে প্রথমে এক রাউন্ড গুলি ছোড়ে। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়।
পরে পালানোর চেষ্টা করার সময় তারা আরও তিন রাউন্ড গুলি ছোড়ে। সেগুলোও লক্ষ্যভ্রষ্ট হয়। ঘটনাস্থল থেকে চলে যাওয়ার সময় ফাঁকা জায়গায় আরও দুই রাউন্ড গুলি ছোড়ে তারা। গুলির শব্দে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে; উদ্বেগ দেখা দেয় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে।
কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলিমুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে একটি তাজা গুলি ও পাঁচটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। মোট ছয় রাউন্ড গুলি ছোড়া হয়েছে, তবে কেউ আহত হননি।
সূত্র: আজকের পত্রিকা



