সাঘাটায় রেলওয়ের জায়গা থেকে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

গাইবান্ধার সাঘাটায় বোনারপাড়া রেলস্টেশন এলাকায় রেলওয়ের জমিতে গড়ে ওঠা অর্ধশতাধিক দোকান ও স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ।
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকায় রেলওয়ের জমিতে গড়ে ওঠা অর্ধশতাধিক দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে এ অভিযান চালানো হয়।
অভিযান সূত্রে জানা যায়, স্টেশন এলাকায় দীর্ঘদিন ধরে রেলওয়ের জায়গা দখল করে দোকানপাট ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছিল। প্রায় ১০ বছর পর জায়গাটি দখলমুক্ত করতে উচ্ছেদ কার্যক্রম শুরু করে কর্তৃপক্ষ।
রেলওয়ে লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনজুর হোসেন জানান, অভিযানে রেলওয়ের জায়গায় নির্মিত অর্ধশতাধিক দোকান ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদে এ ধরনের অভিযান চলবে বলেও জানান তিনি।
অভিযানের সময় পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা উপস্থিত ছিলেন।
সূত্র: আজকের পত্রিকা




