সুরমা নদীতে নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে

সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীর তীরে নোঙর করা বালু-পাথরবোঝাই নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। তাঁদের সন্ধানে নৌপুলিশ ও ফায়ার সার্ভিস অভিযান চালাচ্ছে।
সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীর তীরে নোঙর করা বালু-পাথরবোঝাই একটি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে সাচনা বাজার মাছহাটের কাছে এ ঘটনা ঘটে। নৌকায় থাকা ছয় শ্রমিকের মধ্যে চারজন সাঁতরে তীরে উঠতে পেরেছেন।
নিখোঁজ দুজন হলেন জামালগঞ্জের বেহেলী ইউনিয়নের ইনাতনগর গ্রামের মারুফ আহমদ (১৯) ও মো. মুবাশ্বির আলম (২৫)। তীরে ওঠা চার শ্রমিকের মধ্যে মো. মুস্তাকিম ও মো. সুমন মিয়া আহত হন। তাঁরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে রয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, তাহিরপুরের ফাজিলপুর থেকে বালু-পাথর নিয়ে জামালগঞ্জের উদ্দেশে রওনা হওয়া নৌকাটি রাতযাপনের জন্য সাচনা বাজার মাছহাটের পাশে একটি মসজিদের পেছনে নোঙর করা হয়েছিল। নৌকার কোনো অংশে ছিদ্র দিয়ে পানি ঢুকতে শুরু করলে এক শ্রমিক চিৎকার করেন। পরে চারজন তীরে উঠলেও মারুফ ও মুবাশ্বির বের হতে পারেননি।
নৌকা থেকে তীরে ওঠা শ্রমিক অনু দাস বলেন, ‘আমরা জামালগঞ্জের বিভিন্ন জায়গায় বালু-পাথর বিক্রি করি। গতকাল রাতযাপনের জন্য সাচনা বাজারে নদীর তীরে অবস্থান করছিলাম। ঘুমন্ত অবস্থায় নৌকাটি ডুবে যাচ্ছিল। নৌকায় থাকা একজন চিৎকার দিলে আমরা চারজন সাঁতরে নদীর পারে উঠি। মারুফ ও মুবাশ্বির নৌকা থেকে বের হতে পারেনি। তারা বর্তমানে নিখোঁজ আছে।’
নৌকার মালিক গোবিন্দ দাস জানান, নৌকাটির ধারণক্ষমতা ৬৫০ ফুট। এটি ফাজিলপুর থেকে সাচনা বাজারে এসে নোঙর করেছিল।
জামালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার ইনচার্জ বিজয় সিংহ বলেন, রাত দুইটার দিকে খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান এবং ভোর পাঁচটা পর্যন্ত খোঁজ চালান। পরে সুনামগঞ্জের ফায়ার সার্ভিসের দলও অভিযানে যোগ দেয়। জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বন্দে আলী জানান, ঘটনাস্থলে স্থানীয় পুলিশ, নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছেন; সিলেট থেকে ডুবুরি দল আসছে। নিখোঁজ দুজনের সন্ধানে অভিযান চলছে।
সূত্র: আজকের পত্রিকা



