মুজিবনগরে জমি নিয়ে বিরোধে হামলা, ছেলেকে বাঁচাতে গিয়ে নিহত মা

মেহেরপুরের মুজিবনগরে জমি নিয়ে বিরোধের জেরে হামলায় তহুরা খাতুন (৬০) নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছেলেসহ তিনজন আহত হয়েছেন।
মেহেরপুরের মুজিবনগর উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে তহুরা খাতুন (৬০) নিহত হয়েছেন। বুধবার সকালে সোনাপুর গ্রামে এ ঘটনায় তাঁর ছেলে হানিফ মহলদারসহ তিনজন আহত হন।
নিহত তহুরা ওই গ্রামের মৃত রমজান মহলদারের স্ত্রী। আহত অন্য দুজন হলেন রহজান মহলদার (৪০) ও শহিদুল মোল্লা (৬০)। উন্নত চিকিৎসার জন্য তাঁদের মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাপুর গ্রামের ইসলাম মহলদার ও তাঁর চাচাতো ভাই হানিফের পরিবারের মধ্যে বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার সকালে ব্যবসার কাজে বাড়ি থেকে বেরিয়ে পাকা রাস্তায় পৌঁছালে বাঁশ, কাঠ ও দেশীয় অস্ত্র নিয়ে হানিফের ওপর হামলা করা হয়। তাঁকে বাঁচাতে এগিয়ে গিয়ে হামলার শিকার হন তাঁর মা তহুরা।
হানিফের মামা শহিদুল মোল্লা ও রহজান মহলদার ঘটনাস্থলে গেলে তাঁদের ওপরও হামলা হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তহুরাকে মৃত ঘোষণা করেন।
অভিযুক্ত ইসলাম মহলদার ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক থাকায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
মেহেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাকিয়া সুলতানা জানান, খবর পেয়ে মুজিবনগর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। পুলিশ ঘটনার সত্যতা যাচাই করেছে। জড়িতদের আটক করতে অভিযান চলছে।
সূত্র: আজকের পত্রিকা




