সাদুল্লাপুরে আমগাছ থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধার সাদুল্লাপুরে আমবাগানের একটি গাছ থেকে শিহাব মিয়া (১৬) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।
গাইবান্ধার সাদুল্লাপুরে পশ্চিম ফুলবাড়ী গ্রামের একটি আমবাগান থেকে শিহাব মিয়া (১৬) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ওই বাগানের আমগাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শিহাব ওই গ্রামের সৈয়দ ও জেসমিন দম্পতির ছেলে। উদ্ধারের সময় তার পরনে পাঞ্জাবি-পায়জামা ছিল। ঘাড়ে একটি ব্যাগ এবং গলায় লাল ওড়না পেঁচানো ছিল। খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের সদস্য মমিনুর ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রের ধারণা, মায়ের সঙ্গে অভিমান করে শিহাব আত্মহত্যা করে থাকতে পারে। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
সূত্র: আজকের পত্রিকা



