সন্দেহজনক লেনদেনের কারণে গোপালগঞ্জে বন্ধ বহু মোবাইল ব্যাংকিং হিসাব

সন্দেহজনক লেনদেনের কথা জানিয়ে গোপালগঞ্জে বিকাশ, নগদ ও রকেটের অনেক হিসাব সাময়িকভাবে বন্ধ করেছে এমএফএস প্রতিষ্ঠানগুলো। এতে টাকা তোলা ও জরুরি লেনদেনে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা।
গোপালগঞ্জে বিকাশ, নগদ ও রকেটের অনেক গ্রাহকের হিসাব সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার রাত থেকে মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে লেনদেন করতে না পেরে বিপাকে পড়েছেন স্থানীয় গ্রাহকেরা। বাংলাদেশ ব্যাংক বলছে, সন্দেহজনক লেনদেনের কারণে হিসাবগুলো বন্ধ করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের ভাষ্য, পুলিশি তদন্তে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে গোপালগঞ্জে অস্বাভাবিক পরিমাণে অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেছে। এ কারণে আপাতত শুধু এ জেলায় এমএফএস সেবা বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে সেবা আবার চালু করা হবে। গোয়েন্দা সংস্থার তথ্যের বরাতে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তার এড়াতে বিভিন্ন জেলার কিছু মানুষ গোপালগঞ্জে আশ্রয় নিয়েছেন এবং তাঁদের মোবাইল হিসাবে টাকা পাঠানোর তথ্য রয়েছে। ভবিষ্যৎ কর্মসূচির জন্যও এ পথে অর্থ পাঠানোর আশঙ্কা আছে বলে সেবা বন্ধ রাখা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, আইন অনুযায়ী সন্দেহজনক লেনদেনকারীর হিসাব এমএফএস প্রতিষ্ঠানগুলো বন্ধ করতে পারে। গোপালগঞ্জের কিছু হিসাবে স্বাভাবিকের চেয়ে বেশি সন্দেহজনক লেনদেন পাওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁর ভাষায়, এটি প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক প্রক্রিয়া।
বৃহস্পতিবার বিকেলে শহরের এজেন্ট দোকানগুলোতে গ্রাহকদের ভিড় দেখা যায়। লঞ্চঘাট এলাকার হাফিজ টেলিকমের স্বত্বাধিকারী মোহাম্মদ হাফিজ খান মোল্লা জানান, সকাল থেকে অন্তত ৩০০ থেকে ৪০০ জন হিসাব বন্ধের সমস্যা নিয়ে তাঁর দোকানে এসেছেন। অনেকেই টাকা তুলতে, পাঠাতে বা জরুরি লেনদেন করতে পারছেন না।
গোপালগঞ্জের বাসিন্দা কাজী আকাশ বলেন, তাঁর বিকাশ হিসাব বন্ধ হওয়ার কারণ জানতে হেল্পলাইনে যোগাযোগ করলে তদন্তের স্বার্থে নম্বরটি বন্ধ রাখার কথা জানানো হয়। তিনি বলেন, ‘আমি কোথাও থেকে অবৈধভাবে টাকা গ্রহণ করিনি, কাউকে সন্দেহজনকভাবে টাকাও পাঠাইনি। তাহলে আমার অ্যাকাউন্ট কেন বন্ধ করা হলো?’ হিসাব বন্ধ থাকা গ্রাহকদের নিবন্ধিত নম্বরে এমএফএস বিধিমালা অনুযায়ী অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখার এসএমএস পাঠানো হচ্ছে।
এদিকে ১৫ নভেম্বর গোপালগঞ্জে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর থেকে জেলায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। যাত্রীদের নিরাপত্তা ও পরিস্থিতির কথা বিবেচনায় ১৯ নভেম্বর থেকে ঢাকা–খুলনা রুটের জাহানাবাদ এক্সপ্রেস এবং ঢাকা–বেনাপোল রুটের রূপসী বাংলা এক্সপ্রেসও সাময়িকভাবে বন্ধ রেখেছে বাংলাদেশ রেলওয়ে।
বন্ধ ট্রেন দুটির বগি ব্যবহার করে খুলনা–পোড়াদহ–রাজবাড়ী–ঢাকা পথে এক জোড়া বিকল্প ট্রেন চালানোর প্রস্তাব রেলওয়ের পশ্চিমাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তার কার্যালয় থেকে মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে। প্রস্তাবে ২৮ নভেম্বর থেকে ট্রেন চালুর কথা বলা হয়েছে। এ পথে ট্রেন চললে গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর স্টেশন এড়িয়ে চলবে। প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, সকাল ৮টায় খুলনা থেকে ছেড়ে ট্রেনটি বেলা ৩টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে; ফিরতি ট্রেন বিকেল ৪টা ১০ মিনিটে ঢাকা ছাড়বে।
টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রমও আপাতত গোপালগঞ্জ সদর থানা থেকে পরিচালিত হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, স্থানীয় লোকজন থানা দুটি চালুর অনুরোধ জানালেও কার্যক্রম শুরু হতে আরও সময় লাগবে।
বিদ্যুৎকেন্দ্র ও জরুরি সেবার স্থাপনায় হামলা না করতে গ্রাহকদের অনুরোধ জানিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)। সংস্থাটির ফেসবুক পেজে বলা হয়েছে, বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র, রক্ষণাবেক্ষণের যানবাহন বা কর্মীদের ওপর হামলা হলে পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হতে পারে। গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন জানান, ১৯ নভেম্বর শতাধিক ব্যক্তি কার্যালয়ে ঢুকলেও সেদিন ক্ষয়ক্ষতি হয়নি; ভবিষ্যতে জরুরি সেবায় হামলা এড়াতে আগাম অনুরোধ জানানো হয়েছে।
সূত্র: প্রথম আলো


