মুলাদীতে তিন বছর ধরে ভাঙা সেতু, ঝুঁকি নিয়ে খাল পারাপার

বরিশালের মুলাদীর মিয়ারচর খালের লোহার সেতুর কংক্রিটের মেঝে ভেঙে গেছে। এ পথে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ স্থানীয়দের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের মিয়ারচর খালের ওপরের লোহার সেতুটি প্রায় তিন বছর ধরে ভাঙা। সেতুর কংক্রিটের মেঝের অধিকাংশই খসে পড়েছে; কেবল লোহার কাঠামো টিকে আছে। এই ঝুঁকিপূর্ণ সেতু দিয়েই প্রতিদিন পার হচ্ছেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা।
নাজিরপুর ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, ২০১৯ সালে ইউপির অর্থায়নে সেতুটি নির্মাণ করা হয়। স্রোতের তোড়ে তিন-চার বছর আগে এর খুঁটি দেবে যায় এবং মেঝেতে ভাঙন দেখা দেয়।
মুলাদী ও গৌরনদী উপজেলার সীমান্তবর্তী মিয়ারচর গ্রামের পাশে থাকা খালটি আড়িয়াল খাঁ নদ থেকে উৎপন্ন। সেতুটি দিয়ে নাজিরপুর ইউনাইটেড ডিগ্রি কলেজ, মিয়ারচর মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়, মিয়ারচর দাখিল মাদ্রাসা এবং নুরানি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা যাতায়াত করে। মেঝে না থাকায় শিশুদের পারাপার বিশেষভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
স্থানীয় বাসিন্দা রাসেল মুক্তাদির বলেন, লোহার কাঠামো ও ভাঙা মেঝের ওপর সাবধানে পা ফেলে সেতু পার হতে হয়। তাঁর মতে, নতুন সেতু নির্মাণের উদ্যোগের পাশাপাশি খাল পারাপারে দ্রুত অস্থায়ী ব্যবস্থা করা দরকার।
মিয়ারচর গ্রামের আলী আশ্রাফ ব্যাপারী জানান, নির্মাণের কয়েক বছরের মধ্যেই সেতুর খুঁটি দেবে যায় এবং পরে কংক্রিটের মেঝে খসে পড়তে থাকে। নতুন করে নির্মাণের জন্য সেতু ভাঙার কাজ শুরু হলেও পরে তা বন্ধ হয়ে যায়।
স্থানীয়দের ভাষ্য, সেতু পার হতে গিয়ে পা পিছলে শিশুরা প্রায়ই আহত হয়। গত বর্ষায় মিয়ারচর মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র রবিন হোসেন ও জুনায়েদ সিদ্দিকীসহ কয়েকজন পড়ে আহত হয়েছিল। বৃষ্টির সময় অভিভাবকেরা অনেক ক্ষেত্রে শিশুদের হাত ধরে সেতু পার করান।
নাজিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদল খান বলেন, আগে সেতুটি সংস্কারের চেষ্টা হলেও বরাদ্দ না থাকায় তা সম্ভব হয়নি। ইউনিয়নের প্রশাসক ও মুলাদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, সেতুটি ভেঙে সংস্কারের সিদ্ধান্ত হয়েছে; বরাদ্দ পেলে দ্রুত কাজ শেষ করা হবে। মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম সরওয়ার বলেন, স্থানীয়রা সংস্কারের জন্য আবেদন করেছেন এবং শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: আজকের পত্রিকা


