সেন্ট মার্টিনে বর্জ্য সাগরে ফেলায় রিসোর্টকে ৩ লাখ টাকা জরিমানা

বর্জ্য পাম্প করে সমুদ্রে ফেলার প্রমাণ পাওয়ায় স্যান্ড ক্যাসেল বিচ রিসোর্টকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সৈকতে চলাচল করায় চারটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
সেন্ট মার্টিনে বর্জ্য সমুদ্রে ফেলার দায়ে স্যান্ড ক্যাসেল বিচ রিসোর্টকে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সৈকতের বালুচরে বিধিনিষেধ অমান্য করে চলাচলের অভিযোগে জব্দ করা হয়েছে চারটি মোটরসাইকেল। সোমবার সন্ধ্যায় এসব ঘটনা ঘটে।
কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন শাখার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েম অভিযান পরিচালনা করেন। জেলা প্রশাসন জানায়, রিসোর্টের বর্জ্য পাম্প করে সাগরে ফেলতে ড্রেজার-সদৃশ একটি যন্ত্র ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে।
দ্বীপের ‘সূর্যস্নান’ ও ‘সান অ্যান্ড স্যান্ড টুইন বিচ রিসোর্ট’ নামের আরও দুটি প্রতিষ্ঠানে বর্জ্য ব্যবস্থাপনায় অসংগতি পায় ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠান দুটিকে সতর্ক করা হয়েছে এবং পরিবেশের ক্ষতি হয় এমন কাজে জড়িত না হওয়ার মুচলেকা নেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান বলেন, সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় অভিযান চলবে। দ্বীপের বাসিন্দা, ব্যবসায়ী, রিসোর্ট কর্তৃপক্ষ ও পর্যটকদের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পরিবেশ সংরক্ষণে দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দেওয়া হচ্ছে।
এদিকে সেন্ট মার্টিনের সমুদ্রসীমার নিষিদ্ধ এলাকায় ট্রলিং করে মাছ ধরার অভিযোগে ‘আল্লাহর দয়া–৬’ নামের একটি ফিশিং ট্রলার আটক করে কোস্টগার্ড। পরে ভ্রাম্যমাণ আদালত ট্রলারের চালককে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেন। অভিযানে পরিবেশ অধিদপ্তর, পুলিশ, কোস্টগার্ড ও বিচের কর্মীরা সহযোগিতা করেন।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, কক্সবাজার শহর থেকে পাঁচটি জাহাজে প্রতিদিন আড়াই হাজার পর্যটক দ্বীপে আসছেন। তাঁদের কেউ কেউ রাত কাটাতে দ্বীপের হোটেল-রিসোর্টে থাকেন, বাকিরা ফিরতি জাহাজে কক্সবাজারে ফিরে যান।
পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দ্বীপে প্রবাল, শৈবাল, কাছিম, শামুক, ঝিনুক, সামুদ্রিক মাছ, পাখি ও কাঁকড়াসহ ১ হাজার ৭৬ প্রজাতির জীববৈচিত্র্য রয়েছে। সেখানে ব্যাটারিচালিত ইজিবাইক ও মোটরসাইকেলের চলাচল বেড়েছে; যানবাহনের চাকায় বালুচরের লাল কাঁকড়া, শামুক ও ঝিনুক পিষ্ট হয়ে মারা যাচ্ছে।
১৯৯৯ সালে দ্বীপটির জীববৈচিত্র্য, সামুদ্রিক প্রবাল ও কচ্ছপের প্রজননক্ষেত্র রক্ষায় পুরো সেন্ট মার্টিনকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করে সরকার। পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী, সেখানে পরিবেশ ধ্বংসকারী কাজ নিষিদ্ধ। আইন লঙ্ঘনের শাস্তি সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড বা ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা।
সূত্র: প্রথম আলো



