খুলশী থেকে সীতাকুণ্ডের সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

চট্টগ্রামের খুলশী এলাকা থেকে বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন রেহানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার তাঁকে আদালতে পাঠানো হয়।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন রেহানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে নগরের খুলশী এলাকার একটি বাসায় সীতাকুণ্ড ও খুলশী থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রেহান কার্যক্রম নিষিদ্ধ সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
ওসি বলেন, খুলশীর একটি বাসায় রেহানের অবস্থানের বিষয়ে গোপন তথ্য পেয়ে তা যাচাই করা হয়। পরে খুলশী থানা-পুলিশের সহায়তায় সেখানে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
মহিনুল ইসলাম আরও জানান, রেহান উদ্দিন রেহানের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
তাঁর গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
সূত্র: আজকের পত্রিকা



