নরসিংদীর শিবপুরে গুলিতে কাঠুরে নিহত

শিবপুরের বংপুর গ্রামে দুর্বৃত্তের গুলিতে আলম মিয়া নামে এক কাঠুরে নিহত হয়েছেন। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
নরসিংদীর শিবপুরে দুর্বৃত্তের গুলিতে আলম মিয়া নামে এক কাঠুরে নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার বাঘাবো ইউনিয়নের বংপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আলম মিয়া ওই গ্রামের মৃত আফসার উদ্দিন ভূঁইয়ার ছেলে। পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, সন্ধ্যায় বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন তিনি। পথে প্রতিবেশী রহিজ মেম্বারের বাড়ির পাশে পৌঁছালে দুর্বৃত্তরা তাঁকে গুলি করে পালিয়ে যায়।
গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন সেখানে গিয়ে আলমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে।
আলমের স্ত্রীর অভিযোগ, প্রতিবেশী মন্তু মিয়ার ছেলে অনিক মিয়ার সঙ্গে সোমবার তাঁর স্বামীর ঝগড়া হয়েছিল। এ সময় অনিক তাঁকে হত্যার হুমকি দিয়েছিলেন বলেও দাবি করেন তিনি।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশিকুর রহমান জানান, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
সূত্র: আজকের পত্রিকা



