নয় দফা দাবিতে নীলফামারীতে সড়ক অবরোধ, তিন দিনের জন্য বন্ধ কারখানা

বেতন-ভাতা ও ওভারটাইমের পারিশ্রমিক বাড়ানোসহ নয় দফা দাবিতে নীলফামারী-ডোমার মহাসড়ক অবরোধ করেন গ্রিনল্যান্ড হেয়ার এক্সটেনশনসের শ্রমিকেরা। পরে তিন দিনের জন্য কারখানা বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ।
বেতন-ভাতা বৃদ্ধি, ওভারটাইমের ন্যায্য পারিশ্রমিক, কর্মঘণ্টা কমানোসহ নয় দফা দাবিতে নীলফামারী-ডোমার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গ্রিনল্যান্ড হেয়ার এক্সটেনশনস লিমিটেডের শ্রমিকেরা। বুধবার সকাল ৮টার দিকে নীলফামারী সদর উপজেলার তরণীবাড়ী অচিনতলায় কারখানার সামনে তাঁরা সড়কে অবস্থান নেন। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী।
প্রায় দুই ঘণ্টা পর সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে। শ্রমিকেরা সড়ক থেকে সরে গেলেও কারখানার সামনে বিক্ষোভ চালিয়ে যান। তাঁদের সঙ্গে আলোচনার পর কর্তৃপক্ষ তিন দিনের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে।
শ্রমিকদের অভিযোগ, দ্রব্যমূল্যের সঙ্গে তাঁদের মজুরি ও ভাতার সামঞ্জস্য নেই এবং বর্তমান বেতনে সংসার চালানো কঠিন। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে মিল রেখে মূল বেতন ও ভাতা বাড়ানোর পাশাপাশি কাজের পরিমাণ ও সময় বিবেচনায় পিস রেট নির্ধারণ, কাজের লক্ষ্যমাত্রা কমানো এবং ওভারটাইমের সঠিক হিসাব ও ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।
শ্রমিক দেবাশীষ রায় বলেন, ‘এই কোম্পানিতে যে মজুরি পাই, তা দিয়ে আমাদের সংসার চলে না। একজন মানুষের চলতে গেলে ন্যূনতম ৫০০ টাকা মজুরি প্রয়োজন।’
শ্রমিক আঁখি বানুর অভিযোগ, কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার ও হয়রানি করেন। ব্যক্তিগত সমস্যার কথাও গুরুত্ব দিয়ে শোনা হয় না এবং শ্রমিকেরা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন।
কোম্পানির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জাকির হোসেন সুমন বলেন, শ্রমিকদের দাবিগুলো কর্তৃপক্ষ পেয়েছে এবং আলোচনা করে তাঁদের প্রয়োজনীয় আশ্বাস দেওয়া হয়েছে।
কারখানায় স্বাভাবিক ও সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে তিন দিনের জন্য উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী শনিবার থেকে কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে।
সূত্র: আজকের পত্রিকা
সম্পর্কিত আরও খবর

চমেকের সামনে ডাব বিক্রেতাকে মারধর, ২৪ হাজার ৪০০ টাকা ছিনতাইয়ের অভিযোগ

শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত, আহত অন্তত চার


