গোয়ালন্দে ইজিবাইকে ছিনতাইচেষ্টা, পিটুনির পর তিনজনকে পুলিশের কাছে দিল জনতা

রাজবাড়ীর গোয়ালন্দে এক নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার এবং ছিনতাইয়ে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দে ইজিবাইকে থাকা এক নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। তাঁদের মারধরও করা হয়। পরে তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ এবং ছিনতাইয়ে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার বিশ্বনাথপাড়া এলাকায় বেড়িবাঁধের পাকা সড়কে এ ঘটনা ঘটে। ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ওই দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফরিদপুরের সদরপুর উপজেলার শ্যামপুর–মটকচর এলাকার দবির উদ্দিনের ছেলে প্রাইভেট কারচালক জুয়েল উদ্দিন (২৩), একই উপজেলার আমিরাবাদ এলাকার আবদুল আলিমের ছেলে মো. জাহিদ (৩২) এবং ফরিদপুর কোতোয়ালি থানার বায়তুল আমান এলাকার আনোয়ার শেখের ছেলে রাতুল শেখ (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফরিদপুর থেকে গোয়ালন্দগামী একটি ইজিবাইকে কয়েকজন যাত্রী ছিলেন। বিশ্বনাথপাড়া এলাকায় একটি প্রাইভেট কার ও মোটরসাইকেলে থাকা ছয়জন ইজিবাইকটির পথ আটকান। তাঁদের চারজন ঢাকা মেট্রো–গ–৩২–০৮২৪ নম্বরের সাদা প্রাইভেট কারে এবং দুজন মোটরসাইকেলে ছিলেন। তাঁরা এক নারী যাত্রীর গয়না নেওয়ার চেষ্টা করেন।
যাত্রীদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে প্রাইভেট কারের দুজন ও মোটরসাইকেলে থাকা একজনকে আটক করেন। এ সময় চক্রের অন্য তিনজন মোটরসাইকেলে পালিয়ে যান। পরে আটক ব্যক্তিদের মারধর করা হয়।
খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক রাজিব শিকদার ও মধুসূদন সরকার এবং সহকারী উপপরিদর্শক আবদুল আজিজ পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। পুলিশ আটক ব্যক্তিদের হেফাজতে নিয়ে থানায় নেয়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিকুল ইসলাম বলেন, উজানচর বেড়িবাঁধ এলাকায় ডাকাতির চেষ্টার সময় স্থানীয় লোকজন সাদা প্রাইভেট কারসহ তিনজনকে আটক করে মারধর করেন। খবর পেয়ে পুলিশ তাঁদের হেফাজতে নেয় এবং তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করে।
ওসি আরও বলেন, পুলিশ বাদী হয়ে বৃহস্পতিবার রাতেই ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক মামলা করেছে। শুক্রবার দুপুরে দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
সূত্র: প্রথম আলো



