কয়রায় জলদস্যুদের দুই সহযোগী গ্রেপ্তার, উদ্ধার চার আগ্নেয়াস্ত্র

সুন্দরবনের কয়রায় অভিযান চালিয়ে জলদস্যুদের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে চারটি আগ্নেয়াস্ত্র ও ৪৮৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
সুন্দরবনের কয়রায় জলদস্যুদের সহযোগী সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)। তাঁদের তথ্যের ভিত্তিতে চারটি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড শটগানের গুলি ও ৪৬০ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কয়রা সদরের কেরামত গাজীর ছেলে হাফিজুর রহমান (৩৭) এবং জামাল ফারুকের ছেলে আব্দুর রহিম (২৬)। এসআরবি-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এসআরবি সূত্র জানায়, গতকাল সকাল ১০টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে বাহিনীর স্পেশাল কোম্পানির একটি দল কয়রা থানার ৫ নম্বর কয়রা ইউনিয়নের পাড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
পরে হাফিজুরের দেওয়া তথ্য অনুযায়ী, একই এলাকার জলদস্যু দলের প্রধান ইয়াদ আলীপাড়ের বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখান থেকে দস্যুতায় ব্যবহারের জন্য রাখা অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়। ইয়াদ কয়রা সদরের মহরালী পাড়ের বাসিন্দা।
লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ বলেন, হাফিজুর জলদস্যুদের অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করতেন বলে তথ্য পাওয়া গেছে। আব্দুর রহিম তাঁদের খাদ্য ও প্রয়োজনীয় রসদ দেওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থানসংক্রান্ত তথ্য দিয়ে সহায়তা করতেন বলে জানা গেছে।
গ্রেপ্তার দুজন ও পলাতক আসামিদের বিরুদ্ধে কয়রা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। পরে তাঁদের উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সূত্র: আজকের পত্রিকা



