সিদ্ধিরগঞ্জে বাড়ি ও বেকারি ভাঙচুরের মামলা, আসামি ২৬৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভেকু দিয়ে বসতবাড়ি ও বেকারি গুঁড়িয়ে দেওয়া এবং মালামাল লুটের অভিযোগে মামলা হয়েছে। ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫০ জনকে আসামি করা হয়েছে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি দখলের উদ্দেশ্যে একটি বসতবাড়ি ভেকু দিয়ে ভেঙে ফেলার অভিযোগে মামলা হয়েছে। মামলায় সাবেক ছাত্রদল নেতা মো. কাদেরসহ ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে; অজ্ঞাতনামা আসামি ২৫০ জন।
মঙ্গলবার রাতে ভুক্তভোগী সুলতানা বেগম সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি করেন। এতে ভাঙচুর ও লুটের কারণে এক কোটি ৫২ লাখ টাকার বেশি ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে। বুধবার বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক।
এজাহারে সুলতানা অভিযোগ করেছেন, প্রায় ছয় মাস ধরে শাহিন নামে এক ব্যক্তি তাঁকে জমি বিক্রি করে চলে যেতে চাপ দিচ্ছিলেন। রাজি না হওয়ায় তাঁকে হয়রানি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ঘটনার রাতে অভিযুক্তরা দেশীয় অস্ত্র, ভেকু ও ট্রাক নিয়ে এসে তাঁর চার কক্ষের টিনশেড বাড়িটি গুঁড়িয়ে দেন বলে অভিযোগে বলা হয়েছে।
সুলতানার অভিযোগ, বাড়ি থেকে ফ্রিজ, ওয়াশিং মেশিন, ল্যাপটপ, স্মার্টফোন, আসবাব, পোশাক, প্রায় ১০ ভরি স্বর্ণালংকার এবং জমির দলিলসহ কাগজপত্র নিয়ে যাওয়া হয়। একই সময়ে তাঁর বড় ভাইয়ের বাড়িতে ভাঙচুর ও মালামাল লুট এবং ছোট ভাইয়ের বেকারি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগও মামলায় রয়েছে। বেকারি থেকে প্রায় ৭৬ লাখ টাকার যন্ত্রপাতি ও মালামাল এবং ক্যাশবক্সের ৪৫ হাজার টাকা লুট হয়েছে বলে দাবি করা হয়েছে।
বাড়ির ভাড়াটিয়া ও বেকারির কর্মচারীরা বাধা দিলে তাঁদের মারধর এবং কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা চলে যায়।
ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, মামলার আসামিদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে তাঁর জানা নেই। তবে তাঁরা যত ক্ষমতাশালীই হোন, আইনের আওতায় আনা হবে। মঙ্গলবার রাত পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
সূত্র: আজকের পত্রিকা



