পিরোজপুরে অটোরিকশার ধাক্কায় ১১ বছরের শিশু নিহত, আহত ৩

জিয়ানগরে সড়ক পার হওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় আবির নিহত হয়েছে। অটোরিকশাটি উল্টে চালক ও দুই শিশু আহত হয়েছে।
পিরোজপুরের জিয়ানগরে সড়ক পার হওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় আবির (১১) নামের এক শিশু নিহত হয়েছে। দুর্ঘটনায় অটোরিকশাটি উল্টে চালক ও দুই শিশুযাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার বালিপাড়া-জিয়ানগর সড়কের মোল্লাবাড়ির সামনে এ ঘটনা ঘটে। আবির জিয়ানগর সদর ইউনিয়নের সেউতিবাড়িয়া গ্রামের রাজিবের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে মায়ের সঙ্গে নানা মোয়াজ্জেম মোল্লার বাড়িতে বেড়াতে এসেছিল আবির। দুপুরে বাড়ির সামনে দুই শিশুর সঙ্গে খেলার সময় দৌড়ে সড়ক পার হতে গেলে বালিপাড়া থেকে জিয়ানগরগামী অটোরিকশাটি তাকে চাপা দেয়। পরে গাড়িটি উল্টে চালক মামুন শেখ (৫৫) এবং যাত্রী মরিয়ম (৩) ও নহা (১১) আহত হন। তাঁরা দক্ষিণ ইন্দুরকানী গ্রামের বাসিন্দা।
স্থানীয় লোকজন গুরুতর আহত আবিরকে জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের চিকিৎসক রফিকুল ইসলাম জানান, শিশুটিকে মৃত অবস্থায় সেখানে নেওয়া হয়েছিল।
জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহব্বত খান বলেন, অটোরিকশাচালককে থানায় নেওয়া হয়েছে। শিশুটির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: আজকের পত্রিকা



