কালুখালী-পাংশা সীমান্তে ট্রেনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

রাজবাড়ীর কালীকাপুর রেলসেতু পার হওয়ার সময় ধাক্কা লেগে ট্রেনের ছাদ থেকে পড়ে ১২ বছরের রিশাদ। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতী এক্সপ্রেসের ছাদে বসে যাওয়ার সময় রেলসেতুর সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে রিশাদ (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ীর কালুখালী ও পাংশা উপজেলার সীমান্তবর্তী কালীকাপুর রেলসেতুতে এ দুর্ঘটনা ঘটে।
রিশাদ খুলনার বটিয়াঘাটা থানার বাসিন্দা। সে ও তার বন্ধু ইয়াসিন (১৩) বিভিন্ন ট্রেন ও রেলস্টেশনে বাদাম-বুট বিক্রি করত।
ইয়াসিন জানায়, বাদাম-বুট আনতে তারা সকালে মধুমতী এক্সপ্রেসে ঢাকার দিকে যাচ্ছিল। দুজনই ট্রেনের ছাদে ছিল। কালীকাপুর রেলসেতু পার হওয়ার সময় ধাক্কা লেগে রিশাদ নিচে পড়ে যায় এবং মাথায় গুরুতর আঘাত পায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে বেলা ১১টার দিকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা দেড়টার দিকে তার মৃত্যু হয়। হাসপাতালের চিকিৎসক সিফাত জান্নাত স্পর্শ এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র: আজকের পত্রিকা


