ভালুকায় বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ

ময়মনসিংহের ভালুকায় পিএ নিট কারখানার শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে মহাসড়কে বিক্ষোভে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ও বিজিবি বাধা দেয়। টিয়ার শেলের ধোঁয়ায় আক্রান্ত সাত শ্রমিক চিকিৎসা নিয়েছেন।
ময়মনসিংহের ভালুকায় বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ করতে কারখানা থেকে বের হওয়ার চেষ্টা করেন পিএ নিটের শ্রমিকেরা। তাঁদের বাধা দিতে পুলিশ ও বিজিবি সদস্যরা সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছোড়েন। পরে শ্রমিকেরা কারখানার ভেতরে ফিরে যান।
বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের স্কয়ার মাস্টারবাড়ী এলাকার আইডিয়া মোড়ে এ ঘটনা ঘটে। টিয়ার শেলের ধোঁয়ায় আক্রান্ত সাত শ্রমিক কারখানার মেডিকেল সেন্টারে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কারখানার মানবসম্পদ বিভাগের সহকারী মহাব্যবস্থাপক আহমেদ জাহান রুমী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেতন বাড়ানোর দাবিতে দুপুরে শ্রমিকেরা কারখানার ভেতরে জড়ো হন। তাঁরা মহাসড়কে বিক্ষোভ করতে পারেন—এমন তথ্য পেয়ে আগে থেকেই কারখানার ফটকে পুলিশ ও বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়। বেলা সোয়া ২টার দিকে শ্রমিকেরা স্লোগান দিয়ে ফটক খুলে বাইরে যাওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দেয়।
আহমেদ জাহান রুমী বলেন, শ্রমিকেরা সকালে স্বাভাবিকভাবে কাজে যোগ দিয়েছিলেন। দুপুরের খাবারের বিরতির সময় তাঁরা আন্দোলনে যাওয়ার চেষ্টা করেন। শ্রমিকের মৃত্যুর খবর ছড়ালেও তা সঠিক নয় বলে দাবি করেন তিনি। ঘটনার পর কারখানার উৎপাদন বন্ধ রয়েছে এবং শ্রমিকদের অল্প অল্প করে বাইরে বের করে দেওয়া হচ্ছে।
শিল্প পুলিশ-৫ ময়মনসিংহের পুলিশ সুপার মো. আনছার উদ্দিন বলেন, আন্দোলনের বিষয়ে আগে থেকেই তথ্য থাকায় কারখানার ফটকে শতাধিক পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছিল। শ্রমিকেরা বাইরে যাওয়ার চেষ্টা করলে তাঁদের ছত্রভঙ্গ করতে আনুমানিক ২০ রাউন্ড সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করা হয়।
আনছার উদ্দিন বলেন, কেউ আহত হয়েছেন কি না তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানা থেকে বের হয়ে যাচ্ছেন। পরিস্থিতি শান্ত থাকলেও নিরাপত্তার জন্য পুলিশ কারখানার সামনে অবস্থান করছে।
সূত্র: আজকের পত্রিকা



