খুলনায় মাদকবিরোধের জেরে যুবককে কুপিয়ে জখম

সোনাডাঙ্গায় রানা (৩০) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খুলনা নগরীর সোনাডাঙ্গায় মাদকসংক্রান্ত বিরোধের জেরে রানা (৩০) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে আল ফারুক সোসাইটির সামনে এ ঘটনা ঘটে। পরে এক রিকশাচালক তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
প্রাথমিকভাবে জানা গেছে, রানার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। তিনি বর্তমানে জামিনে ছিলেন। মাদক নিয়ে বিরোধের জেরেই তাঁর ওপর হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, রানার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি জামিনে আছেন। প্রাথমিকভাবে মাদকসংক্রান্ত বিরোধের কারণেই তাঁকে কুপিয়ে জখম করা হয়েছে বলে মনে করা হচ্ছে। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ ব্যবস্থা নিচ্ছে।
সূত্র: আজকের পত্রিকা



