খালিয়াজুরিতে ইউএনওর কক্ষে আগুন, পুড়েছে নথি ও আসবাব

নেত্রকোনার খালিয়াজুরি উপজেলা পরিষদ ভবনে আগুনে ইউএনওর কক্ষের টেলিভিশন, নথিপত্র, আসবাব ও বৈদ্যুতিক সরঞ্জাম পুড়েছে। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নেত্রকোনার খালিয়াজুরি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের কক্ষে আগুন লেগে টেলিভিশন, নথিপত্র, আসবাব ও বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে গেছে। বুধবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। কার্যালয় বন্ধ থাকায় কেউ হতাহত হননি।
ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, পাহারাদার অলি মিয়া পোড়া গন্ধ পেয়ে নিচে দায়িত্বরত গ্রাম পুলিশদের ডাকেন। তাঁরা ইউএনওর কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখে তালা খুলে ভেতরে যান। সেখানে টেলিভিশনের সুইচ বোর্ডে আগুন জ্বলতে দেখেন।
কার্যালয়ের দুটি অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হলেও তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ইউএনও অলিদুজ্জামান, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে যান। পাশের পুকুর থেকে পানি এনে তাঁরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
খালিয়াজুরিতে ফায়ার সার্ভিস স্টেশন চালু না থাকায় মদন উপজেলার কর্মীদের খবর দেওয়া হয়। ধনু নদ পার হয়ে ফেরিতে করে তাঁদের ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগত। স্থানীয় লোকজন প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ইউএনও অলিদুজ্জামান বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। টেলিভিশনের ক্যাবিনেটে রাউটার, ওয়াই-ফাই ও সিসিটিভি ক্যামেরার সংযোগ ছিল; সেখান থেকেও আগুন লাগতে পারে। এ ঘটনায় তদন্ত চলছে।
জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যাবে।
সূত্র: প্রথম আলো



