হাজীগঞ্জে আগুনে দগ্ধ ছোট ভাইয়ের পর মারা গেল ৩ বছরের মরিয়ম

চাঁদপুরের হাজীগঞ্জে বসতঘরে আগুনে দগ্ধ হয়ে ছোট ভাই আনাছের মৃত্যুর তিন দিন পর মারা গেছে তার বড় বোন মরিয়ম। ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চাঁদপুরের হাজীগঞ্জে বসতঘরে আগুনে দগ্ধ হয়ে ছোট ভাই আনাছের মৃত্যুর তিন দিন পর মারা গেছে তার বড় বোন মরিয়ম (৩)। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গত রোববারের আগুনে দেড় বছর বয়সী আনাছের মৃত্যু হয়েছিল। দুই শিশুর বাড়ি হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের উত্তর বড়কুল গ্রামের আতিক মেম্বারের বাড়িতে। তাদের বাবা নাজির আহমেদ।
মরিয়মের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় আতিক মেম্বার। তিনি জানান, আগুনে বসতঘর পুড়ে যাওয়ার পাশাপাশি পরিবারটি দুই সন্তানকেও হারিয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরিয়মের মরদেহ নিয়ে পরিবারের সদস্যরা গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হবেন।
স্থানীয় সূত্রের ভাষ্য, রোববার দুপুরে দুই শিশুকে ঘুম পাড়িয়ে তাদের মা ঘরের বাইরে সংসারের কাজে যান। বাবা অটোরিকশা নিয়ে কাজে বের হয়েছিলেন। এ সময় বসতঘরে আগুন লাগে এবং দ্রুত পাশের আরেকটি ঘরেও ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভাতে না পারলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তা নিয়ন্ত্রণে আনেন।
ততক্ষণে ঘরের ভেতরেই পুড়ে মারা যায় আনাছ। মরিয়মের শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. খলিলুর রহমান ঘটনার পর জানিয়েছিলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। ঘটনার খবর পেয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাওসার হোসেন ভূঁইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশেকুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
সূত্র: আজকের পত্রিকা




