খুলনায় চাঁদার হুমকির পর রেস্তোরাঁয় গুলি, নিরাপত্তা জোরদার

৩০ লাখ টাকা চাঁদা দাবির হুমকিতে বন্ধ পালংকি রেস্তোরাঁ পুলিশি আশ্বাসে খোলার কয়েক ঘণ্টার মধ্যে গুলির ঘটনা ঘটেছে। এতে কেউ আহত হননি।
খুলনা নগরের সোনাডাঙ্গায় চাঁদা দাবির হুমকিতে বন্ধ থাকা পালংকি রেস্তোরাঁ পুলিশের আশ্বাসে চালুর কয়েক ঘণ্টার মধ্যে সেখানে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে গাজী মেডিকেল কলেজের সামনে রেস্তোরাঁটি লক্ষ্য করে মোটরসাইকেলে আসা কয়েকজন গুলি ছুড়ে পালিয়ে যান বলে অভিযোগ। এতে কেউ আহত হননি।
রেস্তোরাঁর মালিক আশিকুর রহমান আশিক জানান, একটি গুলি রেস্তোরাঁর কাচ ভেদ করে বেরিয়ে যায়। ঘটনার কিছুক্ষণ পর ফোন করে তাঁকে বলা হয়, ‘তোর দোকানে গুলি করেছি, এখন তোকে গুলি করব।’
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, সোমবার রাতে ‘বি কোম্পানি’র বাহিনীপ্রধান গ্রেনেড বাবুর পরিচয় দিয়ে আশিকের কাছে ৩০ লাখ টাকা চাঁদা চাওয়া হয়। টাকা দিতে না পারলে রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হলে মালিকপক্ষ সেটি বন্ধ করে বাড়ি চলে যায়।
মঙ্গলবার সকালে সোনাডাঙ্গা থানার পুলিশ মালিকের কাছ থেকে চাবি নিয়ে রেস্তোরাঁটি খুলে দেয়। রেস্তোরাঁ কর্তৃপক্ষের দাবি, কর্মীদের ফোন করে কাজে ফিরতেও বলে পুলিশ। তবে চালুর পর থেকে ‘বি কোম্পানি’র সদস্য পরিচয়ে কয়েকজন ফোনে চাঁদা চাইছিলেন। গত এক মাসে প্রায় ১৫ দিন রেস্তোরাঁটি বন্ধ রাখতে হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম সন্ধ্যায় বলেন, তাঁরা গুলির খবর পেয়েছেন এবং রেস্তোরাঁয় নিরাপত্তা জোরদার করেছেন। কারা গুলি চালিয়েছে, তা তদন্ত করা হচ্ছে। ডিউটি অফিসার পপি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
খুলনায় গত এক মাসে চাঁদার দাবিতে দুটি ক্লিনিকসহ চারটি প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। সন্ধানী ক্লিনিকের সোনাডাঙ্গা শাখা, চয়নিকা ফার্মেসি ও মল্লিক ফার্মেসিতেও হুমকির অভিযোগ রয়েছে। নিরাপত্তার কারণে চয়নিকা ও মল্লিক ফার্মেসির মালিকপক্ষ প্রতিষ্ঠান বন্ধ করে দেয়।
গত ২৪ অক্টোবর সন্ধানী ক্লিনিক ও ডায়াগনস্টিক কমপ্লেক্সে হামলা-ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়। পুলিশ মোস্তফা কাজী আলম হিরা ও তানভীর হাসান মারুফকে গ্রেপ্তার করেছে।
খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন বলেন, একটি ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, অন্যদের শনাক্তের চেষ্টা চলছে। চাঁদার হুমকির শিকার প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তায় পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।
সূত্র: আজকের পত্রিকা



