রংপুরে একই পরিবারের চার খুন: দুই আসামির বিরুদ্ধে আজ অভিযোগপত্র

মাছুয়াপাড়ায় চার হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের বিরুদ্ধে আজ আদালতে অভিযোগপত্র দেবে গোয়েন্দা পুলিশ। তবে তদন্তে সন্তুষ্ট নন নিহতদের স্বজনেরা।
রংপুর মহানগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার মামলায় আজ বৃহস্পতিবার আদালতে অভিযোগপত্র দেওয়ার কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে অভিযুক্ত করা হচ্ছে।
রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, দীর্ঘ তদন্ত ও ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে এই দুই আসামির সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়া গেছে। ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা পাওয়া যায়নি। দুজনই বর্তমানে কারাগারে আছেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক জিন্নাত আলী জানান, ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবে পরীক্ষা করা হয়। খেজুরের বীজে মুগ্ধ দাস এবং শসার টুকরায় সিদ্ধার্থ দাসের ডিএনএ পাওয়া গেছে। বিড়ির শেষাংশে দুজনেরই ডিএনএ মিলেছে। নিহত প্রীতিলতা চক্রবর্তীর গলায় পেঁচানো গামছার নমুনায় শনাক্ত হয়েছে শুধু মুগ্ধের ডিএনএ।
পুলিশের ভাষ্য, গণপতি চক্রবর্তীর অবসরের পর ব্যাংক থেকে তোলা ৫০ থেকে ৬০ লাখ টাকা বাড়িতে আছে—এমন ধারণা ছিল আসামিদের। স্বর্ণালংকার চুরির উদ্দেশ্যে বাড়িতে ঢুকে তাঁরা চারজনকে হত্যা করেন।
তবে তদন্তের এ ব্যাখ্যা মানছেন না নিহত গণপতির বড় ভাই ও মামলার বাদী গোপীনাথ চক্রবর্তী। তাঁর দাবি, হত্যাকাণ্ডের পেছনে আরও শক্তিশালী কেউ থাকতে পারেন। তিনি বলেন, ‘টাকা চুরির জন্য চারজনকে হত্যা করা হয়েছে, এটা খোঁড়া অজুহাত। এর পেছনে আরও শক্তিশালী কেউ আছে। শুরু থেকেই বলে আসছি—দুজনের পক্ষে চারজনকে হত্যা করা সম্ভব নয়। আমরা সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীদের শনাক্ত করার দাবি জানিয়েছি। কিন্তু আমাদের কথা গুরুত্ব পায়নি।’
গত ২২ আগস্ট রাতে মাছুয়াপাড়ার বাড়ি থেকে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগামী ও ১২ বছর বয়সী ছেলে আয়ুশের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন গোপীনাথ চক্রবর্তী হত্যা মামলা করেন। শুরুতে কোতোয়ালি থানা তদন্ত করলেও পরে মামলাটির দায়িত্ব নেয় মহানগর ডিবি।
তদন্ত কর্মকর্তা জানান, প্রীতিলতা ও তাঁর মেয়ে আগামীকে ধর্ষণের কোনো আলামত পরীক্ষায় পাওয়া যায়নি। অভিযোগপত্র দাখিল ও তদন্তের বিভিন্ন বিষয়ে আজ দুপুর সাড়ে ১২টায় রংপুর মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।
সূত্র: আজকের পত্রিকা



