সিংগাইরে কৃষিজমির মাটি কাটায় ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা

মানিকদহে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এম এম ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মানিকগঞ্জের সিংগাইরে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এম এম ব্রিকস নামের একটি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকেলে উপজেলার বলধারা ইউনিয়নের মানিকদহ এলাকায় অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমীন কবির। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে সেখানে অভিযান চালানো হয়।
মাটি ও বালু ব্যবস্থাপনা আইন অনুযায়ী ইটভাটাটিকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। আল-আমীন কবির বলেন, কৃষিজমি রক্ষা ও জনস্বার্থে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান চলবে এবং এ কাজে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: আজকের পত্রিকা



