অভিযোগ দেওয়ার পর আনোয়ারায় দুই দিন অটোরিকশা চলাচল বন্ধের অভিযোগ

চট্টগ্রামের আনোয়ারায় বালু ভরাটের কাজ বন্ধের নির্দেশের পর দুই দিন অটোরিকশা চলাচল বন্ধ রাখা হয় বলে স্থানীয়দের অভিযোগ। মঙ্গলবার সন্ধ্যা ছয়টার পর চলাচল স্বাভাবিক হয়।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কৈনপুরা-মহতরপাড়া সড়কে দুই দিন অটোরিকশা চলাচল বন্ধ রাখার অভিযোগ উঠেছে বালু ব্যবসায়ী ও ভরাটকাজে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, এতে কৈনপুরা, মহতরপাড়া ও বড়উঠান এলাকার প্রায় পাঁচ হাজার মানুষ ভোগান্তিতে পড়েন।
স্থানীয় বাসিন্দা ও অটোরিকশাচালকদের ভাষ্য, সোমবার বিকেল পাঁচটা থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত বড়উঠান রাস্তার মাথা থেকে কৈনপুরা-মহতরপাড়া সড়কে অটোরিকশা চলেনি। মঙ্গলবার সন্ধ্যা ছয়টার পর যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আবু কালাম আজাদ।
স্থানীয়দের তথ্যমতে, বড়উঠান রাস্তার মাথা এলাকায় কয়েকজন বালু ব্যবসায়ী স্থানীয় এক আওয়ামী লীগ নেতার দখলে থাকা জমি ভরাট করছিলেন। কালারপুল খালের মহতরপাড়া অংশে ড্রেজার বসিয়ে প্রায় এক কিলোমিটার পাইপের মাধ্যমে বালু নেওয়া হচ্ছিল। বাড়িঘর ও সড়কের ওপর দিয়ে পাইপ নেওয়ায় শিক্ষার্থীসহ এলাকাবাসীর চলাচলে অসুবিধা হচ্ছিল বলে তাঁদের অভিযোগ।
ভুক্তভোগীরা গত রোববার বিকেলে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন। পরদিন সোমবার বিকেলে আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে ভরাটের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। স্থানীয়দের অভিযোগ, এরপরই কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ও বালু ব্যবসায়ীরা ওই তিন এলাকায় যান চলাচল বন্ধ করে দেন।
অটোরিকশাচালক ও যাত্রীরা জানান, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং সড়কের ওপর পাইপলাইন থাকায় কয়েক দিন ধরে চলাচল ব্যাহত হচ্ছিল। তাঁদের অভিযোগের পর বড়উঠানের বালু ব্যবসায়ীরা অটোরিকশা চলতে দেননি; অনেক যাত্রীকে পথে নেমে হেঁটে গন্তব্যে যেতে হয়েছে।
আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু জাফর মজুমদার বলেন, ‘অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে বালু ভরাটের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে যান চলাচল বন্ধের বিষয়টি কেউ আমাদের জানায়নি।’
সূত্র: আজকের পত্রিকা



