সীতাকুণ্ডে সিলিংয়ে লুকিয়েও ধরা, হত্যা মামলার আসামির কাছে পিস্তল

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসার সিলিংয়ে আত্মগোপন করা খোরশেদ আলমকে গ্রেপ্তার করেছে এসআরবি। তাঁর কাছ থেকে একটি পুরোনো পিস্তল এবং ঘর থেকে অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।
হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও ডাকাতির প্রস্তুতির মামলার আসামি খোরশেদ আলমকে (৩৫) গ্রেপ্তার করেছে এসআরবি। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। মঙ্গলবার চট্টগ্রামের সীতাকুণ্ড থানার সলিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সলিমপুরের মেশকাত উদ্দিন আহমেদ কলোনিতে (৪২ কলোনি) অভিযান চালিয়ে তাঁকে ধরা হয়।
এসআরবি-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ জানান, খোরশেদ বাসায় আছেন—এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। এসআরবির সদস্যরা বাসায় ঢুকলে তিনি সিলিংয়ের ছাদে লুকানোর চেষ্টা করেন। পরে তাঁকে নামিয়ে আনা হয়।
মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, তল্লাশির সময় খোরশেদের পরা জিন্স প্যান্টের ভেতর থেকে ম্যাগাজিনবিহীন একটি পুরোনো পিস্তল উদ্ধার করা হয়। তাঁর শোয়ার ঘরে তল্লাশি করে পিস্তলসদৃশ একটি বস্তু ও আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
সূত্র: প্রথম আলো



