খুলশীতে ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় কলেজশিক্ষকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের দক্ষিণ খুলশীর একটি ফ্ল্যাট থেকে ছন্দা শর্মা কান্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর ভাই অপমৃত্যুর মামলা করেছেন।
চট্টগ্রাম নগরের দক্ষিণ খুলশীর একটি ফ্ল্যাট থেকে ছন্দা শর্মা কান্তা (৩৭) নামের এক কলেজশিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে জাকির হোসেন বাই লেনের চৌধুরী ভিলায় এ ঘটনা ঘটে।
ছন্দা নাসিরাবাদ সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি ৩৫তম বিসিএসের শিক্ষা ক্যাডারের কর্মকর্তা।
মামলার নথিতে বলা হয়েছে, সন্ধ্যা ছয়টার দিকে অফিস থেকে ফেরার পথে স্বামী মলয় কান্তি শর্মাকে বাজার করে আনতে বলেছিলেন ছন্দা। রাত আটটার দিকে বাজার নিয়ে বাসায় ফিরে মলয় দরজায় ডাকাডাকি করেও সাড়া পাননি। পরে ভবনের ব্যবস্থাপক ও এক মিস্ত্রির সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
ছন্দার বড় ভাই মনোজ শর্মা লিখিত বক্তব্যে জানান, রাত সাড়ে আটটার দিকে এক স্বজনের মাধ্যমে বোনের খবর পেয়ে তিনি ছোট ভাই রাজেশকে নিয়ে বাসায় যান। স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে খুলশী থানার পুলিশ ঘটনাস্থলে যায়।
পুলিশ ছন্দাকে উদ্ধার করে সিএনজিচালিত অটোরিকশায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দিবাগত রাত ১টা ৫২ মিনিটে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার বেলা তিনটার দিকে খুলশী থানায় অপমৃত্যুর মামলা করেন মনোজ শর্মা। পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে অভিযোগ বা সন্দেহ নেই বলে তিনি লিখিত বক্তব্যে জানিয়েছেন।
খুলশী থানার উপপরিদর্শক গোলাম মোহাম্মদ নাসিম জানান, ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছন্দার মরদেহ পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সূত্র: প্রথম আলো



