মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, নিখোঁজ আরেকজন

মোল্লাকান্দিতে ইউপি নির্বাচন ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণে একজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। নিখোঁজ একজনের সন্ধানে খালে অভিযান চলছে।
মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে মো. সেলিম (৩৫) নিহত হয়েছেন। সংঘর্ষের পর থেকে আলমগীর দালাল (৩৬) নিখোঁজ রয়েছেন। গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত পাঁচজন।
বৃহস্পতিবার সকালে চরডুমুরিয়া গ্রামে ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ মোল্লা এবং ফ্রান্সপ্রবাসী বিএনপি কর্মী রহিম মোল্লার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বিরোধ এবং এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের বিরোধ ছিল বলে পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে।
নিহত সেলিম চরডুমুরিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে। তাঁর মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিখোঁজ আলমগীরের খোঁজে স্থানীয় একটি খালে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।
আহতদের মধ্যে গুলিবিদ্ধ সজিবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মিজানসহ অন্য আহত ব্যক্তিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হওয়া এবং এলাকার আধিপত্য নিয়ে আওলাদ ও রহিমের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়; এ সময় গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ ঘটে। গুরুতর আহত সেলিমকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তছলিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আওলাদ মোল্লা ও রহিম মোল্লার বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।
সূত্র: আজকের পত্রিকা



