পাবনায় ট্রেনের নিচে স্কুলছাত্রের মৃত্যু, ব্যাগে মিলল চিরকুট

পাবনা সদর উপজেলার মালিগাছায় ট্রেনের নিচে পড়ে ১৬ বছর বয়সী স্কুলছাত্র আলিফের মৃত্যু হয়েছে। তার ব্যাগ থেকে একটি চিরকুট উদ্ধারের কথা জানিয়েছে স্থানীয় সূত্র।
পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ক্ষুদ্র মাটিয়াবাড়ি এলাকায় ট্রেনের নিচে পড়ে আলিফ (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে পাবনাগামী ঢালারচর এক্সপ্রেস ওই এলাকা অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধারের কথা জানিয়েছে স্থানীয় সূত্র।
আলিফ পাবনা পৌর এলাকার গোবিন্দা মহল্লার সাইদুর রহমান পিটারের ছেলে। সে পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ট্রেনটি ক্ষুদ্র মাটিয়াবাড়ি এলাকা পার হওয়ার সময় আলিফ রেললাইনের মাঝে বসে পড়ে। ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মালিগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো. মুনতাজ আলী বলেন, ট্রেনের ধাক্কায় আলিফের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। মুখমণ্ডল বিকৃত থাকায় স্থানীয়রা প্রথমে তাকে শনাক্ত করতে পারেননি। রাত ১১টার দিকে পরিবারের সদস্যরা তার পরিচয় নিশ্চিত করেন।
ঘটনাস্থলের পাশে আলিফের স্কুলব্যাগ ও নতুন জুতা পাওয়া যায়। রেলওয়ে নিরাপত্তাকর্মীরা ব্যাগ তল্লাশি করে চিরকুটটি উদ্ধার করেন। সেখানে আলিফ লিখেছে, তার মৃত্যুর জন্য অন্য কেউ দায়ী নয়। চিরকুটে বাবা-মায়ের ওপর অভিমান ও মানসিক চাপের কথাও ছিল। লেখার শুরুতে বিকেল ৪টা ২৯ মিনিট এবং স্বাক্ষরের পাশে ৪টা ৪৬ মিনিট উল্লেখ করা হয়।
ঘটনার পর ঢাকা থেকে পাবনাগামী পাবনা এক্সপ্রেস গোধূলি ঘটনাস্থলের কাছে প্রায় ২০ মিনিট দাঁড়িয়ে থাকে। রেলওয়ে নিরাপত্তাকর্মীরা ব্যাগ ও চিরকুট জব্দ করার পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল বিন আহসান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সূত্র: আজকের পত্রিকা



