মিরসরাইয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে।
চট্টগ্রামের মিরসরাইয়ে পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মিরসরাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌরসভা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক জহির উদ্দিন (৪৮), মায়ানী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল করিম (৪৩) এবং মিঠানালা ইউনিয়ন ছাত্রলীগের সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহসাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম শাহীন (২৬)।
মঙ্গলবার সকালে তাঁদের সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন।
সূত্র: আজকের পত্রিকা



