বেড়া থানায় ভাঙচুরের ঘটনায় চার দিন পর মামলা, গ্রেপ্তার ১

পাবনার বেড়া মডেল থানা ঘেরাও, বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় ২০ জনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। সাইফুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
পাবনার বেড়া মডেল থানা ঘেরাও, বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনার চার দিন পর মামলা করেছে পুলিশ। এতে ২০ জনের নাম উল্লেখ করা হয়েছে; অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৩০ থেকে ৪০ জনকে। এ ঘটনায় সাইফুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা মঙ্গলবার রাত আটটার দিকে এ তথ্য জানান। তিনি বলেন, থানার উপপরিদর্শক ইমদাদ আলী বাদী হয়ে সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে মামলাটি করেন। আসামিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থক বলে দাবি করেন ওসি।
থানা ঘেরাও, বিক্ষোভ, ভাঙচুর, বিশৃঙ্খলা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ আনা হয়েছে মামলায়। মামলা হওয়ার পর রাতেই অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। ৩৫ বছর বয়সী সাইফুল উপজেলার সম্ভুপুর এলাকার মৃত আব্দুল হান্নানের ছেলে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় বৃশালিখা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি বেড়া মডেল থানার সামনে গিয়ে ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেয়। এ সময় থানার একটি গেট ভাঙচুর করা হয়। খবর পেয়ে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা ধাওয়া দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় এবং সংঘর্ষ হয়।
এর কিছুক্ষণ পর বৃশালিখা মহল্লায় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়ির খড়ের পালায় আগুন দেওয়া হয়। আগুন কে বা কারা দিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পরের তিন দিন বেড়া পৌর সদরের বিভিন্ন এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এসব ঘটনায় কেউ থানায় অভিযোগ দেননি বলে জানান ওসি গোলাম মোস্তফা।
সূত্র: আজকের পত্রিকা



