দুপচাঁচিয়ায় বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত ১

বগুড়ার দুপচাঁচিয়ায় বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চালক সাখাওয়াত হোসেন নিহত হয়েছেন। আহত খলিল সরদারকে হাসপাতালে পাঠানো হয়েছে।
বগুড়ার দুপচাঁচিয়ায় বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক সাখাওয়াত হোসেন (৫০) নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের মাঠেরপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজলিমুর রহমান জানান, নিহত সাখাওয়াত উপজেলার জিয়ানগর ইউনিয়নের পোড়াপাড়া এলাকার মৃত তনির শাহের ছেলে।
পুলিশ জানায়, সকালে দুপচাঁচিয়ায় দুধ বিক্রি করে ইজিবাইক নিয়ে বাড়ি ফিরছিলেন সাখাওয়াত। মাঠেরপুকুর এলাকায় আক্কেলপুর থেকে বগুড়াগামী একটি বাসের সঙ্গে তাঁর ইজিবাইকের সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় সাখাওয়াত ও খলিল সরদার গুরুতর আহত হন। তাঁদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সাখাওয়াতকে মৃত ঘোষণা করেন। খলিলকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।
সূত্র: আজকের পত্রিকা



