পলাশে জেল পলাতক আসামিকে পিটিয়ে হত্যার অভিযোগ

নরসিংদীর পলাশে জেল পলাতক আসামি জালালকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে আইনগত ব্যবস্থা নিচ্ছে।
নরসিংদীর পলাশে জেল পলাতক আসামি জালাল (৪৫) গণপিটুনিতে নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জালাল নোয়াকান্দা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে। তাঁর বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, পাঁচটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তিনি দীর্ঘদিন ধরে এলাকাছাড়া থাকলেও মাঝেমধ্যে এলাকায় যেতেন।
ওসি জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গজারিয়া গ্রামের নূর উদ্দিনের কলাবাগানে জালালকে দেখতে পান স্থানীয় লোকজন। এরপর উত্তেজিত লোকজন তাঁকে মারধর করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে বলে জানান ওসি।
সূত্র: আজকের পত্রিকা


