রাউজানে দেশি শটগান ও কার্তুজসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে পুলিশের অভিযানে জাহেদুল ইসলাম রিমন ওরফে আইমানকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছ থেকে একটি দেশি তৈরি শটগান ও দুটি কার্তুজ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
চট্টগ্রামের রাউজানে দেশি তৈরি একটি লোহার শটগান ও দুটি কার্তুজসহ জাহেদুল ইসলাম রিমন ওরফে আইমান (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাউজান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বেপারীপাড়া এলাকায় অভিযান চালানো হয়। আবুল কালামের বাড়ির সামনের পাকা সড়কের পাশের ঝোপ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রাউজান থানার দ্বিতীয় কর্মকর্তা এসআই তানভীর জানান, গ্রেপ্তারের পর তল্লাশি করে তাঁর হেফাজত থেকে শটগান ও কার্তুজ দুটি উদ্ধার করা হয়। রাত আড়াইটার দিকে সেগুলো জব্দ করা হয়।
এ ঘটনায় আইমানের বিরুদ্ধে রাউজান থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
সূত্র: আজকের পত্রিকা



