শ্রীপুরে পাঁচ পোশাক কারখানায় হামলা-ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল

গাজীপুরের শ্রীপুরে পাঁচটি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, শ্রমিকের ছদ্মবেশে বহিরাগত যুবকেরা হামলা চালান; পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ছোড়া হয়।
গাজীপুরের শ্রীপুরে অন্তত পাঁচটি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুর করেছেন একদল যুবক। বুধবার সকাল ৯টার দিকে বৈরাগীরচালা ও কেওয়া দক্ষিণখণ্ড এলাকার কারখানাগুলোতে এ ঘটনা ঘটে। হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।
বৈরাগীরচালার হ্যামস গার্মেন্টস, ভিক্টোরিয়া গার্মেন্টস ও লাক্সমা ইনওয়্যার লিমিটেড এবং কেওয়া দক্ষিণখণ্ডের ফখরুদ্দিন টেক্সটাইল ও নোমান হোম টেক্সটাইলে হামলা হয়। কয়েকটি কারখানার ভেতরে ঢুকে ভাঙচুর করা হয়েছে।
ফখরুদ্দিন টেক্সটাইলের নিরাপত্তা ইনচার্জ তানভীর আহমেদ জানান, কারখানাটি বুধবার বন্ধ ছিল। সকালে কয়েকজন যুবক ফটকে বিশৃঙ্খলা সৃষ্টি ও ভাঙচুরের চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা বাধা দেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা আবার হামলা চালিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন।
তানভীর আহমেদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হামলাকারীদের ধাওয়া করলে তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এরপর পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে।
হ্যামস গার্মেন্টসের ফটক ও ভেতরে ভাঙচুর করা হয়। ভিক্টোরিয়া গার্মেন্টসের ফটক ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করা হলেও হামলাকারীরা ঢুকতে পারেননি। লাক্সমা ইনওয়্যারের ভেতরে এবং নোমান হোম টেক্সটাইলের ফটকে ভাঙচুরের ঘটনা ঘটে। হ্যামস গার্মেন্টসের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক মাহফুজুর রহমান জানান, তাঁদের কারখানায় ভাঙচুর হয়েছে; খোঁজ নিয়ে বিস্তারিত জানাবেন।
গাজীপুর জেলা পুলিশের কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল আলম বলেন, হামলাকারীরা শ্রমিক নন, বহিরাগত যুবক। পুলিশের সতর্ক অবস্থানের কারণে তাঁরা বেশিক্ষণ থাকতে পারেননি। তাঁর ভাষ্য, শ্রীপুর শিল্পাঞ্চলের পরিস্থিতি এখন স্বাভাবিক এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল করছে।
সূত্র: আজকের পত্রিকা



