শিবগঞ্জে ককটেল বিস্ফোরণের মামলায় গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহতের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহতের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিনভর অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার চাঁদশিকারী গ্রামের মো. রুবেল ইসলাম (২৩) এবং মোহাম্মদ বাসির উদ্দিনের ছেলে রিফাত হাসান (১৮)।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় শিবগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মামলায় এজাহারনামীয় ৭৯ জন এবং অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
এ পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।
বুধবার বেলা ২টার দিকে শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের চৌকা (পারচৌকা) এলাকার একটি ভুট্টাখেতে কলাগাছের আড়ালে কয়েকজন ককটেল তৈরি করছিলেন। বিস্ফোরণে উপজেলা কৃষক লীগের শ্রমবিষয়ক সম্পাদক মো. টমাস উদ্দিন নিহত হন। পরে ঘটনাস্থল থেকে ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করে পুলিশ।
সূত্র: আজকের পত্রিকা


