মদনে জুলাই যোদ্ধা হত্যা: স্বেচ্ছাসেবক দল নেতাসহ চারজনের বিরুদ্ধে মামলা

নেত্রকোনার মদনে পৌরসভার টোল আদায় নিয়ে বিরোধের জেরে আব্দুল বারেককে পিটিয়ে হত্যার অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। একজনকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
নেত্রকোনার মদনে পৌরসভার টোল আদায়কে কেন্দ্র করে আব্দুল বারেক (৭০) নামের এক জুলাই যোদ্ধাকে হত্যার অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার বিকেলে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন করিম মামলার তথ্য নিশ্চিত করেন।
সোমবার রাতে বারেকের নাতি মো. আরিফুল ইসলাম বাদী হয়ে মদন থানায় মামলাটি করেন। আসামিরা হলেন চানগাঁও চকপাড়া এলাকার আলী উসমান ওরফে আরাধন (৪২), রিপন মিয়া (৪২), পৌরশহরের বাড়িভাদেরা গ্রামের আতিকুল ইসলাম (১৯) এবং মো. রায়হান মিয়া (৩৫)।
রায়হান পৌরসভার টোল আদায়ের ইজারাদার, পৌর ওলামা দলের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের ধর্মবিষয়ক সম্পাদক। আলী উসমান স্থানীয় জোবাইদা রহমান মহিলা কলেজের অফিস সহকারী এবং মদন উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক। রিপন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।
পুলিশ জানায়, ঘটনার পরপরই আতিকুলকে আটক করা হয়। মঙ্গলবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সোমবার দুপুরে ময়মনসিংহ থেকে চিকিৎসা শেষে সিএনজিচালিত অটোরিকশায় মদনে ফিরছিলেন বারেক। চানগাঁও গ্রামের মোড়লবাড়ির সামনে কেন্দুয়া-মদন সড়কে পৌরসভার টোল আদায়ের সময় অটোরিকশাচালক রায়হানের সঙ্গে আতিকুলের বিরোধ হয়। নির্ধারিত ২০ টাকা টোল দিতে চালকের কাছে খুচরা না থাকায় তিনি এক হাজার টাকার নোট দেন। অভিযোগ, আতিকুল বাকি টাকা ফেরত না দিলে কথা-কাটাকাটি শুরু হয় এবং একপর্যায়ে চালককে মারধর করা হয়।
বারেক চালককে রক্ষা করতে অটোরিকশা থেকে নামলে তাঁকেও মারধর করা হয় বলে স্থানীয় সূত্রের ভাষ্য। কিল-ঘুষিতে তিনি সড়কের পাশের ড্রেনে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বারেক চানগাঁও ইউনিয়নের চানগাঁও চকপাড়া গ্রামের বাসিন্দা। ২০২৪ সালের জুলাই আন্দোলনে পুলিশের ছররা গুলিতে তাঁর এক চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয় এবং অন্য চোখটিও ক্ষতিগ্রস্ত হয়েছিল। স্থানীয়দের অভিযোগ, ইজারা থাকলেও পৌরসভার বাইরের বিভিন্ন স্থানে যানবাহন আটকে দীর্ঘদিন ধরে টোল আদায় করা হচ্ছে।
সূত্র: আজকের পত্রিকা



