কনস্টেবল আনোয়ার হত্যা মামলায় গ্রেপ্তার ৬, পালানোর সময় গুলিবিদ্ধ একজন

নারায়ণগঞ্জের ফতুল্লায় কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলায় পুলিশ ও এসআরবির পৃথক অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের একজন পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হন।
নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও এসআরবি। গ্রেপ্তার ব্যক্তিদের একজন রিয়াজ ওরফে ডেভিড পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হন।
বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান। তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাতে পৃথক দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
পুলিশের অভিযানে রিয়াজ, তাঁর ভাই আব্দুল্লাহ ও সহযোগী সামাদসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। এসআরবির পৃথক দল আদর ও আজাদ নামে আরও দুজনকে গ্রেপ্তার করে। আব্দুল্লাহকে মুন্সিগঞ্জ থেকে এবং অন্যদের ফতুল্লার দেওভোগ, নাগবাড়ি ও আশপাশের এলাকা থেকে আটক করা হয়েছে।
হাসিনুজ্জামান জানান, এ বিষয়ে বিস্তারিত জানাতে জেলার পুলিশ সুপার সংবাদ সম্মেলন করবেন।
গত রোববার রাতে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন আনোয়ার মোল্লা (৩২)। তিনি নারায়ণগঞ্জ সদর থানার শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড গ্রামে।
এ ঘটনায় সোমবার সন্ধ্যায় ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে হত্যা মামলা করেন।
সূত্র: আজকের পত্রিকা



