গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

নতুন বেতন ঘোষণার পরও বুধবার সকালে গাজীপুরে পোশাকশ্রমিকেরা মহাসড়কে বিক্ষোভ করেন। যান চলাচল বন্ধ হলে পুলিশ টিয়ার শেল ছোড়ে; সংঘর্ষে শ্রমিকেরা ইটপাটকেল নিক্ষেপ করেন।
সরকারের গঠিত মজুরি বোর্ডের নতুন বেতন ঘোষণার পরও বুধবার সকালে গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ হয়েছে। সকাল ৮টার দিকে ভোগড়া বাইপাস ও নাওজোড়ে কয়েকটি কারখানার সামনে বিক্ষোভ শুরু হয়।
পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে চান্দনা চৌরাস্তা থেকে ভোগড়া বাইপাস ও নাওজোড় এলাকায় শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যান চলাচল স্বাভাবিক করতে ঘটনাস্থলে গেলে শ্রমিকেরা তাঁদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। বিক্ষুব্ধ শ্রমিকদের সরাতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, “সকাল থেকেই শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক ছিল। তবে ভোগড়া-নাওজোড় এলাকায় শ্রমিকেরা একটু সমস্যা করেছিলেন। আমাদের লোকজন পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে।”
সূত্র: আজকের পত্রিকা



