নারায়ণগঞ্জে কনস্টেবল হত্যা: অভিযোগের কেন্দ্রে শহীদ-সবুজ বাহিনী

সোর্স সন্দেহে কনস্টেবল আনোয়ার মোল্লাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এ ঘটনায় অজ্ঞাত ১০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।
নারায়ণগঞ্জের ফতুল্লায় কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যার ঘটনায় শহীদ-সবুজ বাহিনীর নাম উঠে এসেছে। সোর্স সন্দেহে তাঁকে মারধর করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন দুই প্রত্যক্ষদর্শী। তবে অভিযোগ অস্বীকার করেছেন ওই বাহিনীর প্রধান হিসেবে পরিচিত সাব্বির হোসেন শহীদ।
গত রোববার রাতে সদর উপজেলার কাশিপুরের হাশেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে। পরদিন অজ্ঞাত ১০ জনকে আসামি করে মামলা করে পুলিশ। ঘটনার সময় আনোয়ারের সঙ্গে থাকা এএসআই আব্দুস ছাত্তারকে দায়িত্বে অবহেলার অভিযোগে অপসারণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয়দের ভাষ্য, ঘনবসতি ও সরু গলির কারণে দেওভোগ হাশেমবাগ এলাকায় অপরাধীদের চলাচল সহজ। চলতি বছরের ৬ মে ফতুল্লা থানা-পুলিশ সেখান থেকে পাঁচজনকে আটক করলেও সন্ত্রাসীরা তাঁদের ছিনিয়ে নেয় বলে স্থানীয়রা জানান।
সূত্রের দাবি, মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত চক্রটির নিয়ন্ত্রক হিসেবে শহীদ-সবুজ বাহিনীর নাম আসে। তাদের নেটওয়ার্ক ফতুল্লার কাশিপুর থেকে দেওভোগ ও নিতাইগঞ্জ পর্যন্ত বিস্তৃত বলে সূত্রটি জানায়। হত্যার পর হাশেমবাগের বাসিন্দারা ভয়ে কথা বলতে চাইছেন না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে দুই প্রত্যক্ষদর্শী জানান, ঘটনার রাতে বাহিনীর লোকজন আনোয়ারকে ব্যাপক মারধর করে। তাঁদের ভাষ্য, হামলাকারীদের একজনকে বলতে শোনা যায়, ‘পুলিশ হইলে তোর কার্ড কই? তুই তো ফরমাগিরি করতে আইছস।’ পরে তাঁর বুকে ধারালো অস্ত্র ঢুকিয়ে দেওয়া হয়। ভয়ে কেউ তাঁকে হাসপাতালে নিতে এগিয়ে আসেননি বলেও জানান তাঁরা।
এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহে পুলিশ সমস্যায় পড়েছে। আশপাশের অধিকাংশ ক্যামেরা শহীদ-সবুজ বাহিনী নিয়ন্ত্রণ করে এবং নিরাপত্তার জন্য কেউ ক্যামেরা বসালে তা ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, শীতলক্ষ্যা ফাঁড়ির এএসআই আব্দুস ছাত্তার ও কনস্টেবল আনোয়ার মোল্লা সাদা পোশাকে তথ্য সংগ্রহে গিয়েছিলেন। মাদক কারবারি ও সন্ত্রাসীদের একটি দল তাঁদের চিনে হামলা চালায়; একজন পালিয়ে বাঁচলেও আনোয়ারকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে বলে জানান তিনি।
জেলা ট্রাক, কাভার্ড ভ্যান, ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন শহীদ বলেন, ‘আমার কোনো বাহিনী নেই। এগুলো সব মিথ্যা অভিযোগ। আমার প্রতিপক্ষরা এসব রটায়।’
সূত্র: আজকের পত্রিকা



