মান্দায় আদালতের নিষেধাজ্ঞার মধ্যে সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের মধ্যে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রাচীর নির্মাণের অভিযোগ করেছেন আফসার আলী। পুলিশ জানিয়েছে, আদালতে বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে।
নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের দোডাঙ্গী দেওয়ানপাড়া গ্রামের এ ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে মান্দা থানায় লিখিত অভিযোগ করেছেন আফসার আলী।
আফসার আলীর অভিযোগ, দোডাঙ্গী মৌজার ১০৬৬ নম্বর দাগে নুরুদ্দীন প্রামাণিক ও সামসুদ্দীন প্রামাণিকের মালিকানায় ৪ দশমিক ৪২৭ শতাংশ জমি থাকলেও তাঁরা প্রায় ৮ শতাংশ জমি ভোগদখল করছেন। এ নিয়ে নওগাঁ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ও ১৪৫ ধারায় মামলা এবং চিরস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আরেকটি মামলা চলছে।
মামলাগুলোর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিরোধপূর্ণ জমিতে স্থাপনা নির্মাণ না করতে আদালত উভয় পক্ষকে নিষেধ করেছেন বলে জানান আফসার আলী। তাঁর ভাষ্য, আদালতে মামলা চলার মধ্যেই গত বুধবার প্রতিপক্ষের লোকজন সেখানে ইটের সীমানাপ্রাচীর নির্মাণ শুরু করেন। এ বিষয়ে তিনি গতকাল থানায় লিখিত অভিযোগ দেন।
অভিযোগ অস্বীকার করে নুরুদ্দীন প্রামাণিক বলেন, তাঁরা দীর্ঘদিন ধরে ওই সম্পত্তিতে বসতবাড়ি নির্মাণ করে বসবাস করছেন এবং জমিটি ভোগদখলে রেখেছেন। বসতবাড়ির নিরাপত্তার জন্য সীমানাপ্রাচীর নির্মাণ করা হচ্ছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। আদালতে বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে।
সূত্র: আজকের পত্রিকা



