পঞ্চগড় সীমান্তে নজরদারিতে ড্রোন-সিসিটিভি, টহলে বিশেষ যান

অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চোরাচালান ঠেকাতে পঞ্চগড়ের ১৩৬ কিলোমিটার সীমান্তে দিন-রাত নজরদারি শুরু করেছে বিজিবি। দুর্গম এলাকায় টহলে ব্যবহার করা হচ্ছে এটিভি।
অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চোরাচালান প্রতিরোধে পঞ্চগড় সীমান্তে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় দিন-রাত টহলের পাশাপাশি ড্রোন, সিসিটিভি ক্যামেরা ও বিশেষ যান অল-টেরেইন ভেহিকল (এটিভি) ব্যবহার করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্তের ১৩৬ কিলোমিটার এলাকায় বিশেষ এই নজরদারি কার্যক্রম শুরু হয়। বিজিবি সূত্র জানায়, সিসিটিভিতে সীমান্ত এলাকার গতিবিধি পর্যবেক্ষণের পাশাপাশি ড্রোন দিয়ে আকাশপথে নজর রাখা হচ্ছে। দুর্গম এলাকায় টহলের জন্য ব্যবহার হচ্ছে এটিভি।
সীমান্ত অপরাধ ঠেকাতে স্থানীয় বাসিন্দাদের সচেতন করার উদ্যোগও নিয়েছে বিজিবি। বিভিন্ন এলাকায় মাইকিং ও সচেতনতামূলক সভায় অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চোরাচালান সম্পর্কে সতর্ক থাকার পাশাপাশি এসব অপরাধ প্রতিরোধে সহযোগিতার আহ্বান জানানো হচ্ছে।
পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, সীমান্ত সুরক্ষা এবং এলাকার মানুষের জানমালের নিরাপত্তায় বিজিবি সব সময় সতর্ক রয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে নজরদারি, টহল ও জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও চলবে।
সূত্র: চ্যানেল আই অনলাইন




