যশোরে ১৫ সোনার বারসহ আটক তিন, জব্দ প্রাইভেট কার

যশোরে বিজিবির অভিযানে ১ কেজি ৭৮০ গ্রাম ওজনের ১৫টি সোনার বারসহ তিনজন আটক হয়েছেন। বিজিবির দাবি, সোনাগুলোর বাজারমূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা।
যশোরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ১৫টি সোনার বারসহ তিনজনকে আটক করা হয়েছে। উদ্ধার সোনার ওজন ১ কেজি ৭৮০ গ্রাম। বিজিবির হিসাবে, এর বাজারমূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভারতে পাচারের উদ্দেশ্যে সোনাগুলো নেওয়া হচ্ছিল বলে জানা গেছে।
শুক্রবার ভোর ৪টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের ঝুমঝুমপুর এলাকায় ৪৯ বিজিবি ব্যাটালিয়নের প্রধান ফটকের সামনে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালি গ্রামের আনোয়ার আলীর ছেলে হাবিবুর রহমান (২৫), কেড়াগাছি গ্রামের আবুল কালামের ছেলে সুমন হোসেন (২৩) এবং সুলতানপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে হেদায়রু রহমান (৩৮)।
৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান দুপুরে পাঠানো বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে টহল দল অভিযান চালায়। আটক ব্যক্তিদের শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় সোনার বারগুলো পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে সোনা ভারতে নেওয়ার পরিকল্পনা ছিল তাঁদের।
সোনার বার ছাড়াও ২৩ গ্রাম রুপা, চারটি মোবাইল ফোন, দুটি হাতঘড়ি ও নগদ ৩ হাজার টাকা জব্দ করা হয়েছে। বিজিবির তথ্যমতে, রুপার মূল্য ৭ হাজার টাকা, প্রাইভেট কারের ৩২ লাখ টাকা, মোবাইল ফোনের ৪৮ হাজার টাকা এবং হাতঘড়ির ৩ হাজার টাকা।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে জব্দ করা মালামালসহ তাঁদের যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
সূত্র: আজকের পত্রিকা




